Saturday, October 31, 2026
উত্তরবঙ্গ

পুজোর আগে জয়গাঁবাসীর বড় উপহার!,এসি ভলভো বাসে কলকাতা পরিষেবা চালু করল এনবিএসটিসি

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 09, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পুজোর আগে জয়গাঁবাসীর বড় উপহার!,এসি ভলভো বাসে কলকাতা পরিষেবা চালু করল এনবিএসটিসি

অনন্যা দে, আলিপুরদুয়ার,:  পুজোর মুখে জয়গাঁবাসীর জন্য সুখবর। দীর্ঘদিনের দাবি মেনে জয়গাঁ থেকে কলকাতা পর্যন্ত সরাসরি এসি ভলভো বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)। নতুন এই পরিষেবা চালু হওয়ায় জয়গাঁ ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের কলকাতা যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁ উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক ও ব্যবসায়িক কাজে এখানকার বহু মানুষকে নিয়মিত কলকাতায় যাতায়াত করতে হয়। কিন্তু জয়গাঁ থেকে সরাসরি কলকাতাগামী বাস পরিষেবা না থাকায় এতদিন সমস্যায় পড়তে হত যাত্রীদের। সেই সমস্যার কথা মাথায় রেখেই নতুন এই উদ্যোগ।

এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন বিকেল সাড়ে ৩টে নাগাদ জয়গাঁ থেকে কলকাতার উদ্দেশে ছাড়বে অত্যাধুনিক এসি ভলভো বাসটি। কলকাতায় পৌঁছতে সময় লাগবে প্রায় ১৪ ঘণ্টা। আপাতত প্রতিদিন নিয়মিত এই বাস পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে। যাত্রীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে।

এদিকে, জয়গাঁ থেকে শিলিগুড়ি পর্যন্ত সরাসরি বাস পরিষেবা চালুর দাবিও দীর্ঘদিনের। বর্তমানে এই রুটে সরাসরি বাস না থাকলেও একসময় পরিষেবা চালু ছিল। মালদা থেকে জয়গাঁ পর্যন্ত একটি বাস চলাচল করে। রাজ্যের পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ জানিয়েছেন, পুজোর পর আরও নতুন বাস আসার কথা রয়েছে। প্রয়োজন অনুযায়ী জয়গাঁ-শিলিগুড়ি রুটেও বাস পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।

এদিন আনুষ্ঠানিকভাবে নতুন বাস পরিষেবার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। পুজোর আগে এই পরিষেবা চালু হওয়ায় জয়গাঁবাসীর দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।

— বিজ্ঞাপন —
Advertisement