Sunday, November 1, 2026
জেলা

জয়গাঁয়ে পুলিশের অভিযান, উদ্ধার ৪৮ কেজি চন্দন কাঠ! গ্রেফতার চার, ভুটানে পাচারের ছক

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- November 01, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
উদ্ধার হওয়া চন্দন কাঠ

অনন্যা দে, আলিপুরদুয়ার, ১ নভেম্বর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চন্দন কাঠ উদ্ধার করল জয়গাঁ থানার পুলিশ। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে মোট ৪৮ কিলোগ্রাম চন্দন কাঠ। ঘটনাকে কেন্দ্র করে জয়গাঁর গুয়াবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে গুয়াবাড়ি এলাকার একটি বাড়িতে চন্দন কাঠ মজুত থাকার খবর পায় জয়গাঁ থানার পুলিশ। সেই খবরের ভিত্তিতে দ্রুত ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত চারজনকে আটক করতে সক্ষম হন পুলিশকর্মীরা। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার হয় ৪৮ কেজি চন্দন কাঠ।

ধৃতরা হল গুয়াবাড়ি এলাকার বাসিন্দা ইসমাইল আলি, মতিউর রহমান, রশিদুল ইসলাম ও ইমতিয়াজ আলম। রবিবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে। তাঁদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া চন্দন কাঠ চোরাপথে ভুটানে পাচারের পরিকল্পনা ছিল। এই কাঠ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এর পিছনে কোনও বড় পাচার চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে জয়গাঁ থানার পুলিশ।

 

— বিজ্ঞাপন —
Advertisement