শিলিগুড়ি: ফের পুলিশের জালে মাদক কারবারি। শিলিগুড়ি ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে উদ্ধার ৪৮.৫০ গ্রাম ব্রাউন সুগার। গ্রেফতার চম্পাসারির বাসিন্দা ৩৭ বছরের মহম্মদ জাহাঙ্গীর ওরফে মুন্না। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে খবর।
শনিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির গান্ধী ময়দান এলাকায় অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। জাতীয় সড়ক সংলগ্ন ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেন পুলিশকর্মীরা।
তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৪৮.৫০ গ্রাম ব্রাউন সুগার। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত মহম্মদ জাহাঙ্গীর ওরফে মুন্নাকে। ধৃতের বয়স ৩৭ বছর। বাড়ি শিলিগুড়ির চম্পাসারি এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।
ইতিমধ্যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।তবে এই মাদক কারবারের পিছনে আর কারা রয়েছে? কোনও বড় পাচারচক্রের সঙ্গে ধৃতের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মাদক কারবারের গোটা নেটওয়ার্কের সন্ধান পেতে চাইছে পুলিশ।