Sunday, November 1, 2026
জেলা

জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটিতে দুর্নীতির অভিযোগ! তদন্তে কমিশনের প্রতিনিধি দল, খতিয়ে দেখা হল টেন্ডার ও উন্নয়নমূলক কাজের নথি

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- November 01, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
এখানেই টেন্ডার সহ একাধিক অনিয়মের অভিযোগ

অনন্যা দে, আলিপুরদুয়ার, ১ নভেম্বর: জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে শুরু হল তদন্ত। শনিবার জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির (জেডিএ) দফতরে পৌঁছল কমিশন ফর ইন্সটিটিউশনাল করাপশনের প্রতিনিধি দল। সেখানে বিভিন্ন টেন্ডার প্রক্রিয়া এবং উন্নয়নমূলক কাজের নথিপত্র খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে নিয়ে যান তাঁরা।

তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ জানিয়ে কমিশনের কাছে লিখিত আবেদন জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই জয়রাম সাহেব ও জাস্টিস বাসরের নির্দেশে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিন জেডিএ দফতরে গিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ, টেন্ডার সংক্রান্ত নথি এবং আর্থিক লেনদেনের খুঁটিনাটি খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্যই এই নথি সংগ্রহ বলে জানানো হয়েছে।

তদন্তকারী আধিকারিক জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন। ফলে এখনই তদন্তের সমস্ত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত সম্পূর্ণ হওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে।

এদিকে, জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ঘিরে এলাকায় নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। কমিশনের তদন্তের রিপোর্টের দিকেই এখন নজর রয়েছে।

 

— বিজ্ঞাপন —
Advertisement