অনন্যা দে, আলিপুরদুয়ার, ১ নভেম্বর: আলিপুরদুয়ার জেলার হাণ্টাপাড়ায় উদ্ধার হল প্রায় ১৪ ফুট লম্বা এক বিশালাকার কিং কোবরা। শনিবার এই বিশাল সাপকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাপটিকে এক ঝলক দেখতে ঘটনাস্থলে ভিড় জমান বহু স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে এলাকার বাসিন্দারাই কিং কোবরাটিকে দেখতে পান। আতঙ্কিত না হয়ে দ্রুত খবর দেওয়া হয় লঙ্কাপাড়া বনকর্মীদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জলদাপাড়া বন বিভাগের উদ্ধারকারী দল। বিশাল আকৃতির কিং কোবরাটিকে উদ্ধার করতে বনকর্মীদের বেশ বেগ পেতে হয়।
এদিকে, সাপটিকে দেখতে ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় জমে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ। পুলিশকর্মীরা ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধারকাজে বনকর্মীদের সহযোগিতা করেন।
প্রায় দেড় ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে কিং কোবরাটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন বনকর্মীরা। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া প্রায় ১৪ ফুট লম্বা সাপটিকে পরবর্তীতে জলদাপাড়া জাতীয় উদ্যানের নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।