আলিপুরদুয়ার: আসন্ন ছট পুজোকে কেন্দ্র করে নদীর ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর হল প্রশাসন। রবিবার জয়গাঁ সংলগ্ন তোর্ষা নদীর ছট ঘাট পরিদর্শন করলেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বিশাল লামা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা পুলিশ সুপার-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।
পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, নদীর জলস্তর এবং চরের পরিস্থিতির উপর প্রশাসনের কড়া নজর রয়েছে। পাহাড়ি নদীতে যে কোনও সময় আচমকা জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ছট পুজোয় নদীতে নামার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি নদী ও ঘাট এলাকায় কোনও ধরনের অবৈধ কার্যকলাপ যাতে না ঘটে, সেদিকেও নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, অবাঙালিদের অন্যতম প্রধান উৎসব ছট পুজোয় বহু পুণ্যার্থী নদীতে নেমে সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন। ফলে এই সময় নদীর ঘাটে ভিড় বাড়ে।
মন্ত্রী আরও জানান, পাহাড় ও নদীঘেরা এই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।