Monday, November 2, 2026
জেলা

মুখ্যমন্ত্রীর সভা-র‍্যালি ঘিরে শিলিগুড়িতে ট্রাফিক বিধিনিষেধ, একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ

Published by টুম্পা ব্যাণার্জী |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- November 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বাড়তি নজরদারি

শিলিগুড়ি: মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত শিলিগুড়ি সফর ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে শহরের যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বুধবার মুখ্যমন্ত্রীর সভা এবং বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ পর্যন্ত প্রস্তাবিত র‍্যালিকে কেন্দ্র করে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি যানজট এড়াতেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, দার্জিলিং মোড় থেকে শহরমুখী হিলকার্ট রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। একইসঙ্গে এয়ারভিউ সংলগ্ন এলাকা থেকে হিলকার্ট রোড, সেবক রোড, ভেনাস মোড় এবং কোর্ট মোড়ের আশপাশের একাধিক রাস্তাতেও যান চলাচলে বিধিনিষেধ জারি করা হবে।

মুখ্যমন্ত্রীর যাতায়াত এবং র‍্যালির জন্য নির্দিষ্ট রুটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি বিকল্প পথের ব্যবস্থাও করা হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলিতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন রাখার পরিকল্পনা রয়েছে।

এই ট্রাফিক বিধিনিষেধের জেরে আগামীকাল শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচলে প্রভাব পড়তে পারে। বিশেষ করে অফিসযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া এবং দূরপাল্লার যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা এড়াতে আগাম পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে পুলিশ।

সাধারণ মানুষকে যাত্রা শুরুর আগে ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকা জেনে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি কর্তব্যরত পুলিশকর্মীদের নির্দেশ মেনে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

 

 

— বিজ্ঞাপন —
Advertisement