Monday, November 2, 2026
জেলা

আদি গঙ্গাতীরে এই ময়দা গ্রামের পাতালভেদী কালীমন্দিরের খ্যাতি আজ ঘরে ঘরে

Published by টুম্পা ব্যাণার্জী |
সুমন সাহা Posted by সুমন সাহা
- November 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী পাতালভেদী কালীপুজো

বহুরু, সুমন সাহা: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া জয়নগর থানার অধীন ময়দা গ্রাম। একসময় বর্ধিষ্ণু গ্রাম ছিল ময়দা। বাংলা সাহিত্যের বিভিন্ন লেখায় এই ময়দার উল্লেখ আছে। যেমন পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর 'আত্মচরিত'-এ এই গ্রামের বর্ণনা পাওয়া যায়। যেখানে প্রাচীন বাংলা কাব্য ও পর্তুগিজদের যাত্রার বিবরণে ময়দার উল্লেখ করেছেন শিবনাথ। আদি গঙ্গাতীরে এই ময়দা গ্রামের পাতালভেদী কালীমন্দিরের খ্যাতি আজ ঘরে ঘরে। ময়দা’ নামের উৎপত্তি নিয়ে দু’টি কাহিনি প্রচলিত। রাবণরাজার শ্বশুরমশাই তথা ব্রহ্মার বরপ্রাপ্ত স্থপতি ময়দানবের বাস ছিল নাকি এখানেই। তাঁর নামেই এই অঞ্চলের নাম ময়দা। আর একটি কাহিনি পর্তুগিজদের ঘিরে। 

 

বহড়ুর এই অঞ্চল আদিগঙ্গার প্রবাহপথের ওপর অবস্থিত। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করার রাস্তা হিসাবে এই জলপথটি পর্তুগিজ জলদস্যু ও ব্যবসায়ীদের খুব পছন্দের ছিল। তারা এই অঞ্চলকে বলত ‘মদিয়া’। সেখান থেকেই এসেছে ‘ময়দা’ নাম। কিভাবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সাবর্ণ রায়চৌধুরীর কোনো এক পুরুষ বজরা নিয়ে গঙ্গার বুকে বেড়াতে বের হন। হঠাৎ চোখে পড়ে দূরে বকুল গাছের ডালে একটি ছোটো মেয়ে দোল খাচ্ছে। জমিদার বজরা থামিয়ে খোঁজ করতে থাকলে মাঝিরা জানায়, ও ডাইনি, ওকে ধরা যায় না। জমিদারকে রাতে ওই বালিকা স্বপ্নে জানায়, সে পাতালভেদী দক্ষিণাকালী। বকুল গাছের গোড়ায় যে মাটির স্তূপ আছে তা খুঁড়লে দেখা যাবে এক খণ্ড শিলা। ওখানেই মন্দির তৈরি করে দেওয়ার আদেশ দেয় ওই বালিকা।

 

 কালীপুজো উপলক্ষ্যে মন্দিরে এখন সাজো সাজো রব। তবে শুধু কালীপুজোতেই নয়, বিশেষ বিশেষ তিথিতে পুজো দেওয়ার জন্য যে লাইন পড়ে তা বিস্ময় জাগায়। মায়ের পুকুরে স্নান করে পুণ্যার্থীরা ময়দানবের পরমারাধ্যা দেবী পাতালভেদী ময়দানবেশ্বরী দক্ষিণাকালীর পুজো দেন ভক্তিভরে। দক্ষিণাকালীবাড়ি উন্নয়ন সমিতির তরফ থেকে জানা গিয়েছে, ভাদ্রমাসে তালনবমী, শ্রাবণের অম্বুবাচী এবং বৈশাখ ও মাঘ মাসের প্রথম দিনেও এই মন্দিরে উৎসব পালিত হয়। বহু মানুষের উপচে পড়া ভিড়ে মন্দিরপ্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। জ্যৈষ্ঠপূর্ণিমা ও শারদনবমীতেও বিশেষ পুজোর আয়োজন করা হয়। এছাড়া প্রতি মঙ্গলবার ও শনিবার বেশ ধুমধাম করে পুজো হয়। এই উপলক্ষে বিশাল মেলা বসে ময়দার পাতালভেদী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে।

— বিজ্ঞাপন —
Advertisement