অনন্যা দে:আলিপুরদুয়ার: বন দফতরের বিরুদ্ধে বিভিন্নভাবে হেনস্থার অভিযোগ তুলে আন্দোলনে নামলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত ১৮টি গ্রাম ও বনবস্তি এলাকার বাসিন্দারা। মঙ্গলবার থেকে রাজাভাতখাওয়া বক্সা গেটের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। বুধবারও তাঁদের বিক্ষোভ কর্মসূচি চলছে।
আন্দোলনকারীদের অভিযোগ, বন দফতরের আধিকারিকদের বিভিন্ন পদক্ষেপের জেরে এলাকার পর্যটন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের দাবি, এই এলাকার মানুষের কর্মসংস্থানের অন্যতম প্রধান ভরসা পর্যটন। ফলে পর্যটন ব্যাহত হলে তাঁদের জীবিকাতেও প্রভাব পড়বে।
আন্দোলনকারী অয়ন নাইডুর অভিযোগ, বনবস্তির বাসিন্দাদের ঘরের সামগ্রী নিয়ে যাওয়ার সময় সেগুলিও বক্সা গেটে আটকে দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে স্থানীয় বাসিন্দাদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের। শুধু বনবস্তির বাসিন্দারাই নন, বক্সায় আসা পর্যটকদেরও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের।
এই সমস্ত সমস্যার দ্রুত সমাধান এবং পর্যটন ও স্থানীয়দের জীবিকা স্বাভাবিক রাখার দাবিতেই রাজাভাতখাওয়া বক্সা গেটের সামনে অবস্থান-বিক্ষোভে বসেছেন ১৮টি গ্রামের বাসিন্দারা।