Sunday, November 1, 2026
জেলা

কোচবিহারে একাধিক রেশন দোকানে সারপ্রাইজ ভিজিট, খতিয়ে দেখা হল খাদ্যসামগ্রীর গুণমান

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 29, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
রেশন দোকানে সারপ্রাইজ ভিজিটে খাদ্য দপ্তরের আধিকারিকরা

অনন্যা দে, কোচবিহার, ২৯ অক্টোবর: রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং উপভোক্তারা সঠিক পরিষেবা পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে কোচবিহার সদর এলাকার একাধিক রেশন দোকানে সারপ্রাইজ ভিজিট করলেন খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিকেরা।

বৃহস্পতিবার কোচবিহার জেলা নিয়ন্ত্রক, খাদ্য ও সরবরাহ দফতরের উদ্যোগে এই আকস্মিক পরিদর্শন চালানো হয়। রেশন দোকানগুলিতে মজুত থাকা খাদ্যসামগ্রীর পরিমাণ ও গুণমান খতিয়ে দেখেন আধিকারিকেরা। পাশাপাশি, সরকারি নিয়ম মেনে উপভোক্তাদের খাদ্যসামগ্রী বণ্টন করা হচ্ছে কি না, তাও পরীক্ষা করা হয়।

দোকানে মজুত খাদ্যসামগ্রীর হিসাবের সঙ্গে সরকারি নথিপত্রের সামঞ্জস্য রয়েছে কি না, সেদিকেও নজর দেন তাঁরা। সাধারণ মানুষ যাতে রেশন পরিষেবা পেতে কোনও সমস্যায় না পড়েন এবং নির্ধারিত পরিমাণে খাদ্যসামগ্রী পান, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

দফতরের এই আকস্মিক পরিদর্শনকে ঘিরে রেশন দোকানগুলিতে তৎপরতা দেখা যায়। আগামী দিনেও রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি ও খাদ্যসামগ্রীর গুণমান যাচাইয়ের উপর গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

 

— বিজ্ঞাপন —
Advertisement