অনন্যা দে, আলিপুরদুয়ার, ৩০ অক্টোবর: ভুটানে হিমবাহ-সৃষ্ট হ্রদ ফেটে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর এবার সংকোশ নদীর জলস্তর বৃদ্ধি নিয়ে উদ্বেগ ছড়াল আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে। শুক্রবার সকাল থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে সংকোশ নদীর জল। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ১ ফুট জলস্তর বেড়েছে। তবে এখনও বিপদসীমার নিচেই রয়েছে নদীর জল।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নদীর জলস্তর অনেকটাই কম ছিল। এরপর জল বাড়তে শুরু করায় উদ্বেগ ছড়ায় নদী তীরবর্তী এলাকায়। পরিস্থিতির উপর নজর রাখতে সংকোশ নদীর সেতুতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে বৃহস্পতিবার রাতেই প্রশাসনের উদ্যোগে নিউল্যান্ডস, ভলকা-১, ভলকা-২ এবং চেংমারী গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৫ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে বন্যা ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়। রাত থেকেই এলাকায় রয়েছেন জেলাশাসক ও পুলিশ সুপার।
এদিকে, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক রয়েছে বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। তিনি সাধারণ মানুষকে গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছেন। পাশাপাশি নদীর জলস্তরের উপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে।