অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৪ অক্টোবর: পুজোর রেশ কাটতে না কাটতেই ডুয়ার্সের চা বলয়ে অশনি সংকেত। দুর্গাপুজো শেষ হতেই বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার জেলার ভার্ণাবাড়ি চা বাগান। বাগানে লকআউটের নোটিশ জারি হওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন প্রায় ১৮০০ শ্রমিক পরিবার। আচমকা এই সিদ্ধান্তে দুশ্চিন্তা বেড়েছে শ্রমিকদের।
জানা গিয়েছে, দুর্গাপুজোর আগে বাগানের শ্রমিকদের বোনাস দিয়েছিল কর্তৃপক্ষ। তবে অভিযোগ, বাগানের স্টাফ, সাব-স্টাফ, কর্মচারী এবং কয়েকজন অস্থায়ী শ্রমিককে বোনাস দেওয়া হয়নি। তাঁদের বোনাস না মিটিয়েই কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যায় বলে অভিযোগ। এরপর পুজো শেষ হতেই বাগান বন্ধের নোটিশ জারি করা হয়।
বাগান বন্ধ হয়ে যাওয়ায় জীবিকা নিয়ে চিন্তায় পড়েছেন শ্রমিক পরিবারগুলি। চা বাগানের কাজের উপর নির্ভর করেই তাঁদের দৈনন্দিন সংসার চলে। এই পরিস্থিতিতে কবে বাগান খুলবে, আবার কবে স্বাভাবিক হবে কাজকর্ম, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুজোর পর এমন পরিস্থিতিতে শ্রমিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এদিকে, বাগান বন্ধের ঘটনায় সরব হয়েছে শ্রমিক ইউনিয়নগুলি। বাগানের ম্যানেজারকে গ্রেফতারের দাবি জানিয়েছে তারা। ইউনিয়নগুলির দাবি, গোটা ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
এখন ভার্ণাবাড়ি চা বাগানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে শ্রমিক পরিবারগুলি। দ্রুত বাগান খোলার ব্যবস্থা এবং বকেয়া বোনাস মেটানোর দাবিই এখন তাঁদের কাছে প্রধান বিষয়।