দেবিকা দত্ত, শিলিগুড়ি: দোকান খালি করার নোটিশ পেয়ে ক্ষুদ্ধ ব্যবসায়ীরা। শিলিগুড়ি জংশন স্টেশন চত্বরে প্রায় ২০০ জন ব্যবসায়ীকে আগামী ১৫ দিনের মধ্যে দোকান খালি করার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই নির্দেশ ঘিরে ক্ষোভ ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। প্রতিবাদে বৃহস্পতিবার স্টেশন চত্বরে দোকান বন্ধ রেখে বিক্ষোভ দেখান তাঁরা।
ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে জংশন স্টেশন চত্বরে দোকান চালিয়ে সংসার চালাচ্ছেন তাঁরা। এই ব্যবসাই তাঁদের পরিবারের আয়ের প্রধান ভরসা। কিন্তু হঠাৎ করে ১৫ দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নোটিশ আসায় দুশ্চিন্তায় পড়েছেন প্রায় ২০০ জন ব্যবসায়ী। তাঁদের আশঙ্কা, দোকান বন্ধ হয়ে গেলে উপার্জনের পথ হারাবেন তাঁরা। ফলে পরিবারের দৈনন্দিন খরচ চালানোও কঠিন হয়ে পড়বে।
ব্যবসায়ীরা জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি বিধায়ক, মন্ত্রী এবং বিভিন্ন দপ্তরের কাছেও লিখিতভাবে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, স্টেশনের উন্নয়নমূলক কাজ নিয়ে কোনও আপত্তি নেই। তবে সেই উন্নয়নের কারণে ছোট ব্যবসায়ীদের জীবিকা বিপন্ন হলে তা মেনে নেওয়া সম্ভব নয়।
ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, বহু বছর ধরে দোকান চালিয়ে তাঁরা জীবিকা নির্বাহ করছেন। আচমকা দোকান সরিয়ে দেওয়ার নির্দেশে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই উচ্ছেদের আগে তাঁদের সমস্যার কথা বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
অবিলম্বে উচ্ছেদের নোটিশ প্রত্যাহার করে ব্যবসায়ীদের জীবিকা সুরক্ষিত করার ব্যবস্থা করার দাবি উঠেছে। তাঁদের অভিযোগ, দ্রুত সমাধান না হলে বহু পরিবার আর্থিক সঙ্কটের মুখে পড়বে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। এখন রেল কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।