Sunday, November 1, 2026
উত্তরবঙ্গ

ছ’মাসে পর্যটনে ডিজিটাল পরিষেবার লক্ষ্যমাত্রা তিন দিনে তৈরি দার্জিলিংয়ের পর্যটন অ্যাপ উদ্বোধন শঙ্কর ঘোষের

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 17, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ছ’মাসে পর্যটনে ডিজিটাল পরিষেবার লক্ষ্যমাত্রা  তিন দিনে তৈরি দার্জিলিংয়ের পর্যটন অ্যাপ উদ্বোধন শঙ্কর ঘোষের

দেবিকা দত্ত, শিলিগুড়ি: পর্যটন মানচিত্রে নতুন গন্তব্যের খোঁজ দিতে ডিজিটাল উদ্যোগ দার্জিলিং জেলা প্রশাসনের। দুর্গাপুজোর মরসুমে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে চালু হল ডিজিটাল ট্যুরিজম অ্যাপ। শুক্রবার শিলিগুড়ির সার্কিট হাউসে ওই অ্যাপের উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। জেলা প্রশাসনের দাবি, মাত্র তিন দিনে তৈরি করা হয়েছে অ্যাপটি। মন্ত্রীর ঘোষণা, আগামী ছ’ থেকে সাত মাসের মধ্যে রাজ্যের পর্যটন ক্ষেত্রকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে।

নতুন অ্যাপের মাধ্যমে দার্জিলিং জেলার ঐতিহ্যবাহী স্থান, পর্যটনকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে এক জায়গা থেকেই তথ্য পাবেন পর্যটকেরা। পুজোর ছুটিতে পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়ে। দার্জিলিংয়ের পাশাপাশি জেলার অন্যান্য আকর্ষণীয় স্থানেও পর্যটকদের যাতায়াত রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই কোথায় কী দেখার রয়েছে, তা জানতে সমস্যায় পড়তে হয় তাঁদের। প্রশাসনের আশা, নতুন অ্যাপ সেই সমস্যা অনেকটাই মেটাবে। ভ্রমণের পরিকল্পনা করতেও সুবিধা হবে পর্যটকদের।

অ্যাপের উদ্বোধন করে শঙ্কর বলেন, “দার্জিলিং জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্যের প্রথম পর্যটন অ্যাপ তৈরি হয়েছে। পর্যটকদের কাছে এটি অত্যন্ত উপযোগী হয়ে উঠবে।” এই উদ্যোগের জন্য জেলা প্রশাসনের আধিকারিকদের ধন্যবাদ জানান তিনি। সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য এই উদ্যোগকে প্রশাসনের উপহার বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তাঁর কথায়, উত্তরবঙ্গের পর্যটনের প্রসঙ্গ উঠলেই দার্জিলিংয়ের কথা প্রথমে মনে আসে। কিন্তু এই অঞ্চলে এমন অনেক পর্যটনকেন্দ্র রয়েছে, যেগুলি এখনও বহু মানুষের কাছে অপরিচিত। ডিজিটাল মাধ্যমে সেই জায়গাগুলির পরিচিতি বাড়ানো গেলে পর্যটকেরা নতুন গন্তব্যের সন্ধান পাবেন। পাশাপাশি, উত্তরবঙ্গের পর্যটন শিল্পের প্রসারেও তা সহায়ক হবে।

শঙ্কর জানান, শুধু দার্জিলিং নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও একই ধরনের অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে। পর্যটন সংক্রান্ত তথ্যকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসাই সরকারের লক্ষ্য। আগামী ছ’ থেকে সাত মাসের মধ্যে রাজ্যের পর্যটন পরিষেবাকে সম্পূর্ণ ডিজিটাল করার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটকদের তথ্য পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

— বিজ্ঞাপন —
Advertisement