শিলিগুড়ি: নাবালিকা শ্যালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন জামাইবাবু। প্রধাননগর থানার পুলিশ আলিপুরদুয়ার থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা নির্যাতনের ঘটনার জেরে নাবালিকা বর্তমানে প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ অক্টোবর নির্যাতিতার বাবা প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, শ্বশুরবাড়িতে থাকার সময় তাঁর নাবালিকা মেয়ের সঙ্গে একাধিকবার যৌন নির্যাতনের ঘটনা ঘটে। গত ১ অক্টোবর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে প্রধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্তের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি মোবাইল ফোনের টাওয়ার লোকেশনও পরীক্ষা করেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই আলিপুরদুয়ারে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। অবশেষে অভিযোগ দায়েরের প্রায় ২৬ দিন পর গত রাতে তাঁকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে আসে পুলিশ।
এই ঘটনায় পকসো আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। শনিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। নাবালিকার উপর নির্যাতনের অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে প্রধাননগর থানার পুলিশ।