পুরুলিয়া, পিউ নন্দী: আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের বাড়ি তৈরিতে বালির জোগান নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া জেলা পুলিশ ও প্রশাসন। জেলার বিভিন্ন এলাকায় আইন মেনে বালি মজুত করে রাখা হচ্ছে। সেখান থেকেই আবাস যোজনার উপভোক্তাদের নির্ধারিত মূল্যে বালি দেওয়া হচ্ছে। প্রতি ১০০ ঘনফুট বালির দাম রাখা হয়েছে ১২০০ টাকা।
বালি নিয়ে দীর্ঘদিনের ঘাটতি এবং অবৈধ মজুতের অভিযোগের মধ্যেই প্রশাসনের এই উদ্যোগে উপকৃত হচ্ছেন আবাস যোজনার বহু উপভোক্তা। বালি সরবরাহের ক্ষেত্রে যাতে কোনও অনিয়ম না হয় এবং উপভোক্তারা নির্ধারিত দামে বালি পান, তা নিশ্চিত করতে মজুত ও বণ্টন কেন্দ্রগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অবৈধ বালি মজুতের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। মাত্র তিন দিনে জেলার বিভিন্ন জায়গা থেকে এক লক্ষ ঘনফুটেরও বেশি অবৈধভাবে মজুত বালি বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে সেই বালি নিলামের জন্য ভূমি দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
অন্যদিকে, বৈধভাবে মজুত করা বালি থেকে আবাস যোজনার উপভোক্তাদের মধ্যে বণ্টনের সময়ও কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রতিটি বালি মজুত ও বিতরণ কেন্দ্রে পুলিশকর্মীদের মোতায়েন রাখা হয়েছে। বালি মজুত, বিক্রি এবং বণ্টনের পুরো প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকার আবাস যোজনার উপভোক্তারা ১২০০ টাকা প্রতি ১০০ CFT দরে বালি পাচ্ছেন। তাঁদের একাংশ প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। বালি পাওয়ার অভিজ্ঞতা নিয়েও নিজেদের বক্তব্য জানিয়েছেন তাঁরা।
প্রশাসনের এই ব্যবস্থায় একদিকে যেমন আবাস যোজনার বাড়ি তৈরির কাজে প্রয়োজনীয় বালির জোগান সহজ হচ্ছে, অন্যদিকে অবৈধ বালি মজুত ও কালোবাজারি ঠেকাতেও নজরদারি জোরদার করা হয়েছে।