Monday, November 2, 2026
উত্তরবঙ্গ

শুধু কলকাতায় নয়,এবার জেলায় জেলায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।ঘোষণা পর্যটন মন্ত্রীর

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 08, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
শুধু কলকাতায় নয়,এবার জেলায় জেলায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।ঘোষণা পর্যটন মন্ত্রীর

দেবিকা দত্ত:শিলিগুড়ি: দুর্গাপুজো উপলক্ষ্যে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে রাজ্যের সাতটি জায়গায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসাবে আগামী ১১ ও ১২ অক্টোবর শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে দু’দিনের অনুষ্ঠান হবে। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সঙ্গীতশিল্পী এবং উত্তরবঙ্গের আঞ্চলিক ব্যান্ডের অংশগ্রহণ থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ির পূর্ত দফতরের পরিদর্শন বাংলোয় বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ, শিলিগুড়ির মহকুমাশাসক, তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক-সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তারা।

বৈঠক শেষে শংকর জানান, ১১ অক্টোবর সঙ্গীতশিল্পী তীর্থ ভট্টাচার্য এবং ১২ অক্টোবর অন্তরা মিত্র গান পরিবেশন করবেন। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার আঞ্চলিক ব্যান্ড এবং শিল্পীরাও দু’দিনের অনুষ্ঠানে অংশ নেবেন।

মন্ত্রী জানান, দুর্গাপুজো উপলক্ষে কলকাতা-সহ রাজ্যের মোট সাতটি জায়গায় এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ১০ অক্টোবর কলকাতার ইডেন উদ্যানে যে বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার আদলেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শংকরের বক্তব্য, অতীতে রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠান মূলত কলকাতাকেন্দ্রিক ছিল। এখন সমবণ্টনের নীতি মেনে রাজ্যের বিভিন্ন জেলা ও শহরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর ফলে কলকাতার বাইরে থাকা মানুষও সরকারি উদ্যোগের এই অনুষ্ঠানগুলিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

— বিজ্ঞাপন —
Advertisement