শিলিগুড়ি: ব্রাউন সুগারের কারবারের অভিযোগে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করল খালপাড়া ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম মোহাম্মদ নন্দু, মোহাম্মদ বিক্কি এবং দীপক কাহার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জনই খালপাড়া এলাকার কয়লা ডিপো সংলগ্ন এলাকার বাসিন্দা। পাশাপাশি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাদক কারবারে জড়িত থাকার সন্দেহে এক মহিলাকেও আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, খালপাড়ার বিভিন্ন গলি-সহ শহরের একাধিক এলাকায় দীর্ঘ দিন ধরেই ব্রাউন সুগার ও অন্যান্য মাদকদ্রব্যের কারবার নিয়ে অভিযোগ আসছিল। গত মাসে খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার তদন্তে আরও কয়েক জনের নাম সামনে আসে বলে পুলিশ সূত্রে দাবি।
তদন্তের সূত্র ধরেই নন্দু, বিক্কি এবং দীপকের বিরুদ্ধে খোঁজ শুরু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই তাঁরা ব্রাউন সুগারের কারবারের সঙ্গে যুক্ত। ধৃত তিন জনকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
অন্য দিকে, একই অভিযানের অংশ হিসাবে শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনিতেও অভিযান চালায় খালপাড়া ফাঁড়ির পুলিশ। সেখানে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চাঁদনি খাতুন নামে এক মহিলাকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশের দাবি, চাঁদনির বিরুদ্ধে এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁর কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মাদক কারবারের সঙ্গে যুক্ত অন্যদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। খালপাড়া ছাড়াও শহরের অন্য এলাকায় এই চক্রের কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।