শিলিগুড়ি: বাড়ি থেকে সোনার গয়না চুরির সন্দেহকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ। আর সেই বিবাদের জেরেই ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করে খু*নের চেষ্টা করার অভিযোগ উঠল বড় ভাইয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম উত্তম মণ্ডল (৪০)। তাঁর বাড়ি কাভাখালি এলাকায়। অভিযোগ, লক্ষ্মীপুজোর দিন তাঁর বাড়ি থেকে সোনার গয়না চুরি যায়। সেই ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রীকে সন্দেহ করেন উত্তম। এরপরই ওই মহিলার উপর চড়াও হয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় গুরুতর জখম হন মহিলা। তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর গতকাল মহিলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর শুক্রবার রাতে অভিযুক্ত উত্তম মণ্ডলকে গ্রেফতার করা হয়।
খু*নের চেষ্টার অভিযোগে ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শনিবার তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গয়না চুরির অভিযোগকে কেন্দ্র করে ঠিক কী কারণে এই হামলা, ঘটনার নেপথ্যে অন্য কোনও পারিবারিক বিবাদ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।