Monday, November 2, 2026
জেলা

সক্রিয় পুলিশ,চুরির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যভেদ, উদ্ধার ২ লক্ষ ২৮ হাজার টাকা

Published by Newz4 Admin |
Devika Datta Posted by Devika Datta
- October 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
সক্রিয় পুলিশ,চুরির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যভেদ, উদ্ধার ২ লক্ষ ২৮ হাজার টাকা

শিলিগুড়ি: বাড়িতে চুরি। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া নগদ ২ লক্ষ ২৮ হাজার টাকা-সহ গুরুত্বপূর্ণ নথি, মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাদা পোশাকের পুলিশ। হাতি মোড় এলাকার ঘটনায় দ্রুত তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, গত রাতে হাতি মোড় এলাকার একটি বাড়ি থেকে নগদ টাকা-সহ বেশ কিছু সামগ্রী চুরি হয়। ঘটনার পর বাড়ির মালিক মীরা লেপচা শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্তে নামে সাদা পোশাকের পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া নগদ টাকা, গুরুত্বপূর্ণ নথিপত্র, মোবাইল ফোন-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পরে অভিযোগকারী মীরা লেপচার হাতে তুলে দেওয়া হয়েছে। চুরি যাওয়া জিনিসপত্র ফিরে পেয়ে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

মীরা জানান, এত অল্প সময়ের মধ্যে চুরি যাওয়া সামগ্রী ফিরে পাবেন, তা তিনি ভাবেননি। বিশেষ করে গুরুত্বপূর্ণ নথি এবং মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা থাকলেও নগদ টাকাও উদ্ধার হওয়ায় তিনি খুশি।

অভিযোগকারীর দাবি, উদ্ধার হওয়া ২ লক্ষ ২৮ হাজার টাকা এক আত্মীয়ের চিকিৎসার জন্য বাড়িতে রাখা হয়েছিল। ওই আত্মীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার খরচ মেটানোর জন্যই টাকা জমিয়ে রাখা হয়েছিল। তার মধ্যেই বাড়ি থেকে টাকা চুরি হয়ে যায়।

চুরির কয়েক ঘণ্টার মধ্যেই টাকা-সহ গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি আস্থা আরও বেড়েছে বলে জানান মীরা। কী ভাবে চুরি হয়েছিল এবং ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement