মহম্মদ শাহজাহান আনসারী: বাঁকুড়া : শারদোৎসবের মরসুমে মেতে উঠেছে জঙ্গলমহল। বাঁকুড়া জেলার অন্যতম প্রধান আকর্ষণ রানিবাঁধ কালীতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ এবার দর্শনার্থীদের বিশেষ নজর কাড়ছে। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য ও আধুনিক শিল্পকলার এক অনবদ্য মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে।
আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপের অভ্যন্তরীণ কারুকার্য—প্রতিটি ক্ষেত্রেই শিল্পীদের নিখুঁত দক্ষতার ছাপ স্পষ্ট। ষষ্ঠী থেকেই জঙ্গলমহলের এই পুজো মণ্ডপে উপচে পড়ছে আপামর পুজোপ্রেমী মানুষের ভিড়। পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, দর্শনার্থীদের নিরাপত্তা এবং সুষ্ঠু মণ্ডপ দর্শনের জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাঁকুড়া জেলার পুজো পরিক্রমার তালিকায় এই মণ্ডপটি ইতিমধ্যেই অন্যতম সেরা আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে।