দেবিকা দত্ত:শিলিগুড়ি: বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা টোটো চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সূত্র মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। তাঁর হেফাজত থেকেই চুরি যাওয়া টোটোটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ২৭ সেপ্টেম্বর দুপুরের। মাটিগাড়ার কদমতলা এলাকার বিবেকানন্দপল্লির বাসিন্দা পুনম পাল তাঁর বাড়ির সামনে টেরা মোটরসের একটি টোটো দাঁড় করিয়ে রেখেছিলেন। টোটোটিতে কোনও নম্বর প্লেট ছিল না। অভিযোগ, ওই দিন দুপুরে বাড়ির সামনে থেকে টোটোটি চুরি হয়ে যায়। পরে ২৮ সেপ্টেম্বর মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুনম।
অভিযোগের ভিত্তিতে মাটিগাড়া থানায় ৭২৩/২৬ নম্বর মামলা রুজু করে তদন্ত শুরু হয়। পুলিশ জানিয়েছে, তদন্তের সময় ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পাশাপাশি স্থানীয় সূত্র মারফতও তথ্য সংগ্রহ করা হয়। সেই সূত্র ধরেই পুলিশ ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা হেমন্ত দাসকে চিহ্নিত করে।
এর পর তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, হেমন্ত দাসের কাছ থেকেই অভিযোগকারীর চুরি যাওয়া টোটোটি উদ্ধার হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে টোটো চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
চুরি যাওয়া টোটো উদ্ধারের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।