Sunday, November 1, 2026
জেলা

তরুণীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ পরিবারের

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 30, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
তরুণীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা

শিলিগুড়ি: দু’বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতিও ছিল বলে দাবি পরিবারের। কিন্তু অভিযোগ, বিয়ের কথা থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি লাগাতার মানসিক নির্যাতন করা হচ্ছিল তরুণীকে। ফোনে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও উঠেছে যুবকের বিরুদ্ধে। এর পরেই তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগরের বউবাজার এলাকায়। অভিযুক্ত যুবক কৌস্তভ সরকারের বিরুদ্ধে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রিয়া মণ্ডলের সঙ্গে কৌস্তভের প্রায় দু’বছরের প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের মধ্যে জানাশোনার ভিত্তিতেই তাঁদের সম্পর্ক এগিয়েছিল বলে দাবি। আগামী ডিসেম্বরে কৌস্তভের বোনের বিয়ের পরে প্রিয়া ও তাঁর রেজিস্ট্রি বিয়ে হওয়ার কথা ছিল বলেও জানিয়েছে পরিবার। তবে গত দেড় থেকে দু’মাস ধরে যুবকের আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল বলে অভিযোগ।

প্রিয়ার পরিবারের দাবি, অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর থেকেই প্রিয়াকে এড়িয়ে চলতে শুরু করেন কৌস্তভ। পরে বিয়ে করতেও অস্বীকার করেন তিনি। অভিযোগ, সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর পরেও ফোনে প্রিয়াকে গালিগালাজ করা হত এবং নানা ভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছিল।

অভিযোগপত্রে পরিবারের আরও দাবি, মঙ্গলবার সকাল থেকে একাধিক বার ফোন করে প্রিয়াকে অপমানজনক কথা বলা হয়। এমনকি, ‘মরে যা’ এবং ‘বিষ খা’ বলেও আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরিবারের দাবি, বুধবার সকালে প্রিয়ার মৃত্যুর খবর সামনে আসে। এই ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়।

ঘটনার কথা জানতে পেরে মৃতার পরিবারের পাশে দাঁড়ান শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ বৈদ্য। ঘটনার নিন্দা করে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখার পরে কোনও তরুণীকে মানসিক ভাবে হেনস্থা করার অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি করেন তিনি।

অন্য দিকে, মেয়ের মৃত্যুর ঘটনায় সুবিচারের আশায় পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রিয়ার পরিবারের সদস্যরা। আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

তবে তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ। অভিযুক্ত যুবকের বক্তব্য বা পুলিশের তরফে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। এই ঘটনায় পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রয়েছে মৃতার পরিবারের।

— বিজ্ঞাপন —
Advertisement