Sunday, November 1, 2026
উত্তরবঙ্গ

‘কিউ টাইম’, এক ক্লিকেই বাজিমাত

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
‘কিউ টাইম’, এক ক্লিকেই বাজিমাত

দেবিকা দত্ত:শিলিগুড়ি: কোন পুজো মণ্ডপে কতটা ভিড়, প্রতিমা দর্শনের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে, কিংবা কোন রাস্তা দিয়ে সহজে পৌঁছনো যাবে গন্তব্যে—এ বার এক ক্লিকেই মিলবে সেই সমস্ত তথ্য। দুর্গাপুজোয় দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুজো অ্যাপ ২০২৬-এ চালু করা হচ্ছে ‘কিউ টাইম’ পরিষেবা। এর মাধ্যমে মণ্ডপে প্রতিমা দর্শনের সম্ভাব্য অপেক্ষার সময় সম্পর্কে জানতে পারবেন দর্শনার্থীরা। পাশাপাশি যান চলাচলের বিধিনিষেধ এবং বিকল্প রাস্তার তথ্যও পাওয়া যাবে অ্যাপে।

বৃহস্পতিবার শিলিগুড়ির চেকপোস্ট এলাকার একটি বেসরকারি হোটেলে দুর্গাপুজোর গাইড ম্যাপ ও পুজো অ্যাপ ২০২৬-এর উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর পানিকার-সহ শিলিগুড়ি পুরনিগমের কমিশনার এবং পুলিশের একাধিক পদস্থ আধিকারিক।

অনুষ্ঠানে বিভিন্ন দুর্গাপুজো কমিটির হাতে গাইড ম্যাপ, বিশেষ স্বেচ্ছাসেবক পরিচয়পত্র এবং পুজো পরিচালনার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। পুজোর সময়ে দর্শনার্থীদের যাতায়াত সহজ করা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতেই এই উদ্যোগ বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, এ বারের পুজো অ্যাপের অন্যতম আকর্ষণ ‘কিউ টাইম’ পরিষেবা। এর সাহায্যে কোন মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হতে পারে, তা আগাম জেনে নেওয়া যাবে। কোন রাস্তায় যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রিত থাকবে এবং কোন বিকল্প রাস্তা ব্যবহার করা যাবে, সেই তথ্যও মিলবে অ্যাপে। ফলে বাড়ি থেকে বেরোনোর আগেই নিজেদের পুজো পরিক্রমার পরিকল্পনা তৈরি করে নিতে পারবেন দর্শনার্থীরা।

এ ছাড়াও অ্যাপে জরুরি পরিষেবার ফোন নম্বর এবং আশপাশের হোটেল ও রেস্তরাঁর যোগাযোগের তথ্য পাওয়া যাবে। ফলে প্রয়োজনে সংশ্লিষ্ট পরিষেবার সঙ্গে যোগাযোগ করাও সহজ হবে। জনপ্রিয় মণ্ডপগুলিতে ভিড়ের চাপ সামলানো এবং শহরের যান চলাচল স্বাভাবিক রাখার ক্ষেত্রে এই উদ্যোগ সহায়ক হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।

পুজোর দিনগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ কমিশনার জানান, পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ২টো এবং অষ্টমী থেকে দ্বাদশী পর্যন্ত বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত শহরের প্রধান রাস্তাগুলিতে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এই বিধিনিষেধ মেনে চলার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।

পাশাপাশি পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শিলিগুড়িতে অতিরিক্ত পুলিশ বাহিনী আনা হয়েছে বলে পুলিশ কমিশনার জানান।

সব মিলিয়ে, গাইড ম্যাপ ও পুজো অ্যাপের নতুন পরিষেবার মাধ্যমে ভিড়ের পরিস্থিতি বুঝে মণ্ডপ বেছে নেওয়া এবং বিকল্প রাস্তা ব্যবহার করে যাতায়াত করা আরও সহজ হবে বলে আশা করছে পুলিশ প্রশাসন।

— বিজ্ঞাপন —
Advertisement