Monday, November 2, 2026
দক্ষিণবঙ্গ

বিদ্যালয়ের আঙিনায় আর্থিক সচেতনতা ও শারীরিক সুস্থতার অভিনব পাঠ

Published by Newz4 Admin |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- October 06, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বিদ্যালয়ের আঙিনায় আর্থিক সচেতনতা ও শারীরিক সুস্থতার অভিনব পাঠ

নিউজ ফোর পশ্চিম বর্ধমান: বিদ্যালয়ের আঙিনায় এক অভিনব মেলবন্ধন ঘটল আর্থিক সচেতনতা ও শারীরিক সুস্থতার শিক্ষার। কেন্দ্রীয় ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ পালন এবং 'সেবা সঙ্কল্প অভিযান'-এর অংশ হিসেবে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল এক বিশেষ সচেতনতামূলক যৌথ শিবির। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের সহযোগিতায় এবং বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের আর্থিক লেনদেনে দুর্নীতিমুক্ত থাকা এবং পুষ্টি ও রক্তাল্পতা প্রতিরোধের বিষয়ে সচেতন করা হয়।

শিবিরে উপস্থিত পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের আধিকারিকরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষার পাঠ দেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষা ঋণ নেওয়ার সময় কোনো মধ্যস্থতাকারী বা দালাল চক্রের ফাঁদে না পড়ার কড়া নির্দেশ দেন তাঁরা। স্পষ্ট জানানো হয়, ব্যাঙ্কের নির্দিষ্ট রসিদ ছাড়া অতিরিক্ত কোনো অর্থ কাউকে দেওয়া চলবে না। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের যুগে এটিএম কার্ডের সুরক্ষা, ওটিপি (OTP) ও ব্যক্তিগত তথ্য গোপন রাখা এবং স্কুল ছাড়া অন্য কাউকে ব্যাঙ্ক পাসবুকের প্রতিলিপি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রতারণা বা কোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য ব্যাঙ্কের টোল-ফ্রি নম্বর (১৮০০ ১৮০ ৭৭৭৭) ও হোয়াটসঅ্যাপ নম্বরটি (৮৫০৫৮০৬৫০০) পড়ুয়াদের জানিয়ে দেন আধিকারিকরা।

দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিয়ে বিদ্যালয়ের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, ঘুষ সমাজব্যবস্থার এক চরম কলঙ্ক। এতে দাতা ও গ্রহীতা উভয়েই অপরাধী এবং এর ফলে দরিদ্র মানুষের ওপর অনর্থক চাপ বাড়ে। দেশকে ভালোবাসলে নিজে সৎ থাকার পাশাপাশি সমাজকেও সৎ রাখার আহ্বান জানান তিনি। তাঁর এই বক্তব্যকে পূর্ণ সমর্থন জানান বিদ্যালয়ের অভিজ্ঞ সংস্কৃত শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায়।

কর্মসূচির দ্বিতীয় পর্বে 'সেবা সঙ্কল্প অভিযান'-এর অধীনে পড়ুয়াদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হেলথ কেয়ার শিক্ষিকা নন্দিনী দে দেশে হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ছাত্রছাত্রীদের আয়রন ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি খাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়মিত ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করার অভ্যাস গড়ে তুলতে বলেন। যে কোনো শারীরিক উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রতি বৃহস্পতিবার বিদ্যালয়ের যোগ শিবিরে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পুষ্টিবিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে শিক্ষিকা সুশ্বেতা সাহা জানান, কেবল বেশি ভাত খেলেই সঠিক পুষ্টি মেলে না, সুষম আহারের সঙ্গে কায়িক পরিশ্রম অত্যন্ত জরুরি। বয়ঃসন্ধিকাল থেকেই খাদ্যে আয়রন ও ভিটামিন সি পর্যাপ্ত রাখলে ভবিষ্যতে রক্তাল্পতার ঝুঁকি এড়ানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন এবং পাঁচ ধরনের রক্তাল্পতা ও তাদের প্রতিকার নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে সহমত প্রকাশ করেন শিক্ষিকা সুনিতা দেবী।

প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত পরিশেষে জানান, দেশীয় শাকসবজি ও সাধারণ ফলমূলের মধ্যেই রয়েছে প্রচুর প্রাকৃতিক উপাদান, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে অ্যান্টিবায়োটিকের বিকল্প হতে পারে। পাশাপাশি নিয়মিত মিড-ডে মিল গ্রহণ করলে পড়ুয়াদের স্থূলতা, চোখের রোগ ও রক্তাল্পতা দূর হওয়ার সঙ্গে সঙ্গে জীবনশৈলীতে শৃঙ্খলা ও নৈতিকতা গড়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করেন শিক্ষক অনিমেষ বর্মন এবং বিবরণ লিপিবদ্ধ করেন শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায়।

 

— বিজ্ঞাপন —
Advertisement