পূর্ব বর্ধমান: শায়িত শিবের নাভি থেকে উৎপত্তি হয়েছে একটি পদ্মের আর তার ওপরেই কষ্টিপাথরের ওপর খোদাই করা দেবীর কঙ্কালসার রূপ। যা অন্যান্য কালী প্রতিমার থেকে সম্পূর্ণ ভিন্ন। দেবী মূর্তিতে স্পষ্ট মানব শরীরের প্রতিটি অস্থির,শিরা-ধমনী। তাই দেবী এখানে পরিচিত 'কঙ্কালেশ্বরী কালী' নামে। আবার অনেক ডাক্তারি পড়ুয়া ‘এনাটমি মা’-ও বলে থাকেন দেবীকে। আর দেবীর এই রূপ দেখতে কালীপুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে বহু ভক্ত ভিড় করেন পূর্ব বর্ধমানের এই মন্দিরে।
দেবী মূর্তি এখানে সম্পূর্ণ ভিন্ন
দেবী এখানে কঙ্কালসার,অষ্টভূজা। শায়িত শিবের নাভি থেকে উৎপত্তি হয়েছে একটি পদ্মের,সেই পদ্মের উপর নৃত্যরতা রয়েছেন দেবী। তাঁর চালচিত্রে রয়েছে হাতি। দেবীর ডানদিকের চারটি হাতে রয়েছে তলোয়ার,ত্রিশূল, মধুপর্ক ও বজ্র।বামদিকের তিনটি হাতে রয়েছে বিজয় পতাকা, ঘন্টা, নর মুন্ডু ও আরেকটি হাত রয়েছে মায়ের গালে।দেবীর মূর্তিতে স্পষ্ট মানব শরীরের প্রতিটি শিরা-উপশিরা থেকে অস্থির। দেবী এখানে চামুণ্ডা মতে পূজিত হন। অনুমান করা হয়,এই দেবীমূর্তিটি সম্ভবত বৌদ্ধ বা পাল যুগের,প্রায় ২০০০ বছরের প্রাচীন।
কিন্তু প্রচলন নেই বলি প্রথার।দেবীকে ভোগ দেওয়া হয় সম্পূর্ণ নিরামিষ।ভোগে দেওয়া হয় পায়েস, খিচুড়ি, পাঁচ রকম ভাজা,নাড়ু ,লুচি,সুজি,মালপোয়া, চিঁড়ে ভোগ।সকাল থেকেই চলে ভোগের প্রস্তুতি। প্রথমে দেওয়া হয় চিঁড়ে ভোগ ও পরে দেওয়া হয় অন্নভোগ।
তবে কে কবে গড়ে তুলেছিলেন এই টেরাকোটার মন্দির, তা কালের গর্ভে হারিয়ে গেলেও দেবীর রূপ ও অলৌকিক মাহাত্ম্য আজও বর্তমান। প্রথমে এই মন্দিরে ছিল না কোন মূর্তি। কথিত আছে,১৩২৩ সনে সাধক কমলাকান্ত পরিব্রাজ দেবীর স্বপ্নাদেশ পান,দামোদরের তীরে ধোপারা কাপড় কাচেন যে স্থানে সেখানে রয়েছে একটি পাথর আর সেই পাথরে খোদিত রয়েছেন দেবী। দামোদরের তীর থেকে সেই পাথর উদ্ধার করে দেবীমূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয় পূর্ব বর্ধমানের কাঞ্চননগর এলাকায় অবস্থিত এই মন্দিরে।মন্দিরে মূল মূর্তির পাশেই রয়েছে আরও একটি ছোট মূর্তি। মূল মূর্তিটি উদ্ধার হওয়ার কিছুদিন পরেই অন্য আরেকটি পুকুর থেকে উদ্ধার হয়েছিল ছোট মূর্তিটি, স্বপ্নদেশ পেয়ে ছোট মূর্তিটিকেও নিয়ে আসা হয় এই মন্দিরে।
সারা বছরই হয় দেবীর নিত্য পুজো।দেবীর এই বিশেষ রূপ দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান বহু ভক্ত।বিশেষ করে দীপান্বিতা কালীপুজোর সময়ে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে এই মন্দির প্রাঙ্গণে। পুজোকে কেন্দ্র করে দু’দিন ধরে চলে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।