পুরুলিয়া: ছট পুজো মানেই ৩৬ ঘণ্টার কঠিন নির্জলা উপবাস, সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য নিবেদন আর গভীর ধর্মীয় নিষ্ঠা। কিন্তু এই মহাপর্বের সূচনাতেও লুকিয়ে রয়েছে এক বিশেষ খাদ্যসংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্য। উৎসবের প্রথম দিন ‘নহায়-খায়’-এ সেই ঐতিহ্যেরই ছবি ধরা পড়ল পুরুলিয়ার বলরামপুরে। পুরোনো পোস্ট অফিস মোড় এলাকার একটি পরিবারে এদিনের প্রধান আকর্ষণ ছিল নিয়ম মেনে তৈরি বিশেষ ‘লাউ-ভাত’।
ছটের চার দিনের ব্রতের প্রথম দিন থেকেই শুরু হয় শুদ্ধাচার মেনে চলার পর্ব। বাড়ির ব্রতী পিঙ্কি জয়সওয়াল এবং কলকাতা থেকে আসা উষা সাউয়ের তত্ত্বাবধানে সকাল থেকেই চলেছে রান্নার প্রস্তুতি। তাঁদের কথায়, ছট পুজো হয় এমন বাড়িতে নহায়-খায়ের দিন লাউ-ভাত খাওয়ার বিশেষ প্রচলন রয়েছে। তাই এই দিনের খাবার তৈরিতে যেমন থাকে নিয়মের কড়াকড়ি, তেমনই থাকে আন্তরিকতা।
এদিনের খাবারের তালিকায় ছিল ভাত, লাউয়ের তরকারি, বুটের ডাল, ফুলকপি-আলুর সবজি, চাটনি ও পাঁপড়। পাশাপাশি তৈরি করা হয় লাউ দিয়ে বিশেষ পকোড়া, যা ‘বচকা’ নামে পরিচিত। সম্পূর্ণ নিরামিষ উপকরণে সাত্ত্বিক পদ্ধতিতে তৈরি হয় সমস্ত পদ। বাড়ির মহিলাদের নতুন শাড়ি ও সাজসজ্জাতেও ফুটে ওঠে উৎসবের বিশেষ আবহ।
তবে এই খাবার পরিবেশনের আগে রয়েছে নিজস্ব রীতি। প্রথমে প্রয়াত পূর্বপুরুষ ও গুরুজনদের উদ্দেশে খাবার নিবেদন করা হয়। প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবকে প্রণাম জানানোর পর মূল ব্রতী প্রসাদ গ্রহণ করেন। এরপর পরিবারের ছোটদের এবং বাকি সদস্যদের মধ্যে তা বিতরণ করা হয়। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরাও এই বিশেষ খাবারে শামিল হন।
পিঙ্কি জয়সওয়াল ও উষা সাউ জানান, শুধু রান্না করলেই হয় না, এই প্রসাদ গ্রহণের ক্ষেত্রেও মানতে হয় শুদ্ধতার নিয়ম। যাঁরা লাউ-ভাত গ্রহণ করবেন, তাঁদের বাড়িতেও সেদিন সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক খাবারের ব্যবস্থা থাকতে হবে। আমিষ আহার করে এই প্রসাদ গ্রহণ করা যায় না। তাঁদের কথায়, এই নিয়মের মধ্য দিয়েই ছটের পবিত্রতা বজায় রাখার চেষ্টা করেন সকলে।
নহায়-খায়ের পর দ্বিতীয় দিন পালিত হবে খরনা। সারাদিন উপবাসের পর সন্ধ্যায় ক্ষীর, রুটি ও কলা দিয়ে পুজো করবেন ব্রতীরা। সেই প্রসাদ গ্রহণের পর শুরু হবে ৩৬ ঘণ্টার নির্জলা উপবাস। তৃতীয় দিন অস্তগামী সূর্যকে সন্ধ্যা অর্ঘ্য এবং চতুর্থ দিন ভোরে উদীয়মান সূর্যকে ঊষা অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই মহাপর্ব।
ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি ছট পুজো যে পারিবারিক ঐতিহ্য ও সামাজিক বন্ধনেরও উৎসব, এই লাউ-ভাতের আয়োজন যেন সেই বার্তাই দিল। এক থালা প্রসাদকে কেন্দ্র করে আত্মীয়-স্বজন থেকে প্রতিবেশী—সকলের মিলনেই উৎসবের প্রথম দিন হয়ে উঠল আরও বিশেষ।