Sunday, November 1, 2026
উত্তরবঙ্গ

এনজেপিতে রেল জনসংলাপ, যাত্রীদের অভিযোগ শুনে দ্রুত সমাধানের আশ্বাস রেল কর্তাদের

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 22, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
এনজেপিতে রেল জনসংলাপ, যাত্রীদের অভিযোগ শুনে দ্রুত সমাধানের আশ্বাস রেল কর্তাদের

দেবিকা দত্ত:শিলিগুড়ি: যাত্রী পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ। কোথাও পানীয় জলের সমস্যা, কোথাও স্টেশনের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ। আবার টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগও উঠল। যাত্রীদের এই সমস্ত সমস্যার কথা শুনতে নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেল স্টেশনে আয়োজন করা হল রেল জনসংলাপ কর্মসূচি। যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিযোগ শোনেন রেল আধিকারিকেরা। সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাসও দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিআরএম অজয় সিং, এসিএম, সিসিএমআই, এনজেপির আইপিএফ, স্টেশন ম্যানেজার-সহ রেলের অন্যান্য আধিকারিকেরা। জনসংলাপে যাত্রীরা স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানীয় জলের ব্যবস্থা এবং টিকিট বুকিং সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন।

টিকিট বুকিং নিয়ে ওঠা অভিযোগগুলির মধ্যে অন্যতম, কিছু এজেন্টের বিরুদ্ধে টিকিটে যাত্রীর নাম বা বিবরণ পরিবর্তন করে অন্যকে সেই টিকিট দেওয়ার অভিযোগ। এর বিনিময়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন যাত্রীরা। বিষয়টি নিয়ে রেল প্রশাসনের হস্তক্ষেপের দাবি ওঠে।

এ ছাড়াও, ট্রেনের দরজার কাছে মালপত্র রেখে যাতায়াতের পথ আটকে দেওয়ার সমস্যার কথা জানান যাত্রীরা। তাঁদের বক্তব্য, এতে ট্রেনে ওঠানামা করতে অসুবিধা হয়। জরুরি পরিস্থিতিতে এই ধরনের বাধা বিপজ্জনক হয়ে উঠতে পারে। অন্য দিকে, স্টেশনের বাইরে এবং রেলসেতুতে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের অভিযোগও উঠে আসে। এর ফলে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ।

যাত্রীদের বক্তব্য শোনার পরে রেল আধিকারিকেরা সমস্যাগুলি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন। এডিআরএম অজয় সিং জানান, যাত্রীদের অভাব-অভিযোগ সরাসরি শোনা এবং সেগুলির সমাধানের উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন। টিকিট বুকিং ও পরিচ্ছন্নতা-সহ বিভিন্ন বিষয়ে যাত্রীরা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। দ্রুত সেগুলির সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আগামী দিনেও এই ধরনের জনসংলাপ কর্মসূচি আয়োজন করা হবে বলে জানান তিনি।

যাত্রীদের সঙ্গে রেল প্রশাসনের সরাসরি যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। তবে জনসংলাপে উঠে আসা অভিযোগগুলির বাস্তব সমাধান কত দ্রুত হয়, এখন সেদিকেই নজর যাত্রীদের।

 

— বিজ্ঞাপন —
Advertisement