পুরুলিয়া, পিউ নন্দী: বছর পেরিয়ে গেলেও মেলেনি ওয়েসিস স্কলারশিপের টাকা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা না হওয়ায় এবার রাস্তায় নেমে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে বসেছেন পুরুলিয়ার আদিবাসী ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির জেলা যুব শাখার নেতৃত্বে ১৮ নম্বর জাতীয় সড়কের কাঁসাই নদীর সেতুর উপর শুরু হয় পথ অবরোধ।
সকাল থেকেই অফিসমুখী মানুষের ভিড়। তার মধ্যেই জাতীয় সড়ক আটকে বসে পড়েন আন্দোলনকারীরা। ফলে মুহূর্তের মধ্যে থমকে যায় পুরুলিয়া-টাটা-জামশেদপুর রুটের যান চলাচল। আটকে পড়ে একের পর এক বাস, লরি এবং ছোট গাড়ি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বহু যাত্রী বাধ্য হয়ে গাড়ি ছেড়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন। অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় কাঁসাই সেতু সংলগ্ন এলাকায়।
আন্দোলনরত পড়ুয়াদের দাবি, শিক্ষাবর্ষ শেষ হয়ে গেলেও এখনও তাঁদের প্রাপ্য ওয়েসিস স্কলারশিপের টাকা মেলেনি। বিষয়টি নিয়ে একাধিকবার BCW দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়েছে। প্রশাসনকে ৩০ তারিখ পর্যন্ত সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও টাকা না মেলায় ক্ষোভ আরও তীব্র হয়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণে বহু আদিবাসী পড়ুয়ার পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁদের কথায়, দিনের পর দিন অপেক্ষা করেও যখন সমস্যার সমাধান হয়নি, তখন বাধ্য হয়েই জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নিতে হয়েছে।
সাধারণ মানুষের দুর্ভোগের জন্য আন্দোলনকারীদের একাংশ দুঃখপ্রকাশ করলেও দাবি আদায়ে তাঁরা অনড়। তাঁদের সাফ কথা, বকেয়া স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে না ঢোকা পর্যন্ত এই অবরোধ উঠবে না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আন্দোলন আরও বড় আকার নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন।