পিউ নন্দী, পুরুলিয়া: লাল মাটির জঙ্গলমহল থেকে রাজস্থানের গোলাপি শহর জয়পুর! পর্যটনের মরসুমে ভ্রমণপিপাসুদের জন্য খুলে গেল নতুন সম্ভাবনার দরজা। পুরুলিয়া হয়ে রাজস্থানের খাতিপুরা পর্যন্ত শুরু হল সাঁতরাগাছি–খাতিপুরা এক্সপ্রেসের যাত্রা। দীপাবলির আগে রেলের এই নতুন পরিষেবাকে ঘিরে আশার আলো দেখছেন জেলার যাত্রী থেকে শুরু করে পর্যটনপ্রেমীরা।
রাজস্থানের জয়পুর মানেই হাওয়া মহল, আমের ফোর্ট, রাজকীয় প্রাসাদ আর রঙিন বাজারের হাতছানি। শীতের মরসুমে এই শহর ঘুরে দেখতে বহু পর্যটক ভিড় জমান। এবার পুরুলিয়া হয়ে খাতিপুরা পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হওয়ায় রাজস্থানে যাতায়াতের ক্ষেত্রে নতুন সুবিধা তৈরি হল। কাজ, ব্যবসা কিংবা ভ্রমণ—বিভিন্ন প্রয়োজনে রাজস্থানে যাওয়া যাত্রীদের জন্য এই ট্রেন গুরুত্বপূর্ণ হতে পারে।
২৬ অক্টোবর পুরুলিয়া স্টেশনে ট্রেনের যাত্রার সূচনা করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উদ্বোধনের পর সাংসদ জানান, ট্রেনটি সপ্তাহে একদিন চলবে। পুরুলিয়া থেকে রাজস্থানে যাতায়াতকারী বহু মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিষেবা গুরুত্বপূর্ণ।
একদিকে জঙ্গলমহলের প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে পিঙ্ক সিটির ঐতিহ্য—দুই ভিন্ন জগতের মধ্যে যোগাযোগের নতুন সংযোগ হয়ে উঠতে পারে এই ট্রেন।