পিউ নন্দী, পুরুলিয়া : স্ত্রীকে নিজের মাসতুতো ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টা এবং তাতে রাজি না হওয়ায় তাঁকে মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার পুঞ্চা থানা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত স্বামী এবং তাঁর মাসতুতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ধৃত দু’জনকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
অভিযোগ অনুযায়ী, মহানবমীর রাতে এই ঘটনা ঘটে। স্ত্রীর অভিযোগ, স্বামী তাঁকে নিজের মাসতুতো ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করার চেষ্টা করেন। কিন্তু তাতে অসম্মতি জানালে স্বামী তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ঘটনার পর বৃহস্পতিবার পুঞ্চা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুঞ্চা থানার পুলিশ। তদন্তের পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বাড়ি পুঞ্চা থানা এলাকায়। অন্যজন বাঁকুড়া জেলার ওন্দা থানা এলাকার বাসিন্দা।
শুক্রবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়। শুনানি শেষে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।