Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

মহালয়ার সকালে বলরামপুরে যাত্রী বোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষ, হাসপাতালে গুরুতর আহত যাত্রীরা

Published by Newz4 Admin |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- October 10, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মহালয়ার সকালে বলরামপুরে  যাত্রী বোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষ, হাসপাতালে গুরুতর আহত যাত্রীরা

পিউ নন্দী, পুরুলিয়া: মহালয়ার সকালে পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার বলরামপুরের বেড়ামা এলাকায়। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ যাত্রীবোঝাই একটি বেসরকারি বাসের পিছনে ধাক্কা মারে একটি বড় ট্রাক। দুর্ঘটনায় বাসের পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন বাসের পিছনের দিকে বসে থাকা এক যাত্রী।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি বলরামপুর থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল। বেড়ামা এলাকায় যাত্রী তোলার পর বাসটি ফের যাত্রা শুরু করতেই পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। আচমকা এই সংঘর্ষে বাসের পিছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার আকস্মিকতায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

 

দুর্ঘটনায় আহত যাত্রীর নাম মনু মাঝি। তিনি ঝাড়খণ্ডের সরাইকেলার বাসিন্দা। বাসের পিছনের দিকে বসে থাকার কারণে সংঘর্ষের অভিঘাতে তিনি গুরুতর চোট পান বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে বলরামপুরের বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়।

 

এই দুর্ঘটনায় বাসের অন্য যাত্রী এবং চালক নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে আটক করেছে পুলিশ। কী কারণে এই সংঘর্ষ ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

 

মহালয়ার সকালে এমন দুর্ঘটনায় বেড়ামা সংলগ্ন এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। দুর্ঘটনার পিছনে ট্রাকের গতি, চালকের অসতর্কতা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

— বিজ্ঞাপন —
Advertisement