Friday, November 13, 2026
জেলা

কালীপুজোর আগে নিষিদ্ধ বাজির কারবারে পুলিশের হানা, পৃথক অভিযানে ধৃত ২

Published by স্মৃতি মণ্ডল |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- November 05, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
কালীপুজোর আগে নিষিদ্ধ বাজির কারবারে গ্রেফতার,ধৃত ২

শিলিগুড়ি: কালীপুজো ও দীপাবলির আগে নিষিদ্ধ বাজির বেআইনি কারবার রুখতে অভিযানে নামল পুলিশ। পৃথক দুটি জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও পটকা উদ্ধার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। বাজেয়াপ্ত বাজির আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে প্রথম অভিযান চালানো হয় প্রধাননগর থানার অন্তর্গত প্রমোদনগর কলোনির লম্বা বস্তি এলাকায়। সেখানে একটি ভাড়া বাড়িতে বেআইনিভাবে বাজি মজুত করে রাখা হয়েছে বলে খবর পায় পুলিশ। সেই মতো বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি। ঘটনাস্থল থেকেই বিকাশ সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, দ্বিতীয় অভিযানটি চালানো হয় মাটিগাড়া বাজার এলাকায়। সাদা পোশাকে পুলিশের একটি দল একটি পানের দোকানে তল্লাশি চালায়। সেখান থেকেও উদ্ধার হয় প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি ও পটকা। বেআইনিভাবে বাজি মজুত ও বিক্রির অভিযোগে দোকানদার বিবেক সাহাকে গ্রেফতার করা হয়েছে।

উৎসবের মরশুমে নিষিদ্ধ বাজির কেনাবেচা ও মজুতদারি রুখতে পুলিশের এই পরপর অভিযান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাজিগুলি কোথা থেকে আনা হয়েছিল, এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত বিকাশ সাহা ও বিবেক সাহাকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।

 

 

— বিজ্ঞাপন —
Advertisement