বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর: ৭১ বছরের পা দিল মেদিনীপুর পুলিশ লাইন হাউসিং- এর দুর্গাপুজো। এবছরের থিম *বাল্য বিবাহ প্রতিরোধ*।পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা জেলার মানুষজনকে শারদীয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি জানান, দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে একাধিক উদ্যোগ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। খড়্গপুর, মেদিনীপুর ও ঘাটালের মতো জনবহুল পুজো এলাকায় ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করে নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত জানান।
পুলিশ সুপার জানান, জেলার ভিতরে ও সীমান্তবর্তী এলাকায় ৪৩টি নাকা পয়েন্ট, বিভিন্ন মণ্ডপ ও গুরুত্বপূর্ণ মোড়ে ৬৩টি পুলিশি সহায়তা কেন্দ্র এবং ৪৪টি সাইবার ওয়াল তৈরি করা হয়েছে। গত বছরের তুলনায় পুলিশকর্মীর সংখ্যা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। অতিরিক্ত ২০ জন অফিসার ও ৫০০ জন কনস্টেবল মোতায়েনের পাশাপাশি থাকছে র্যাফ, মহিলা পুলিশ ও দুর্গাবাহিনী। তৃতীয়া থেকেই রাস্তায় নেমেছে দুর্গাবাহিনী। এছাড়া ১৫৯টি বিশেষ মোটরবাইক টহল দিচ্ছে বিভিন্ন মন্ডপ ও রাস্তায়।
জেলা পুলিশ সুপার জানান, পুজোর দিন সকলের খুব আনন্দে কাটুক, তবে নিয়ম-শৃঙ্খলা ভঙ্গকারীদের প্রতি কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।অনুষ্ঠানে সিভিক ভল্যান্টিয়ার দের পোশাক ও এবং মহিলা পুলিশ কর্মীদের নিয়ে গঠিত দুর্গা বাহিনীর সদস্যাদের স্কুটি দেওয়া হয়। পুলিশ সুপার পাপিয়া সুলতানা নিজের স্কুটি চালিয়ে এই দুর্গা বাহিনীর সূচনা করেন।