Sunday, November 1, 2026
আল্ট্রা লোকাল রাজনীতি

নির্বাচন কমিশন ও এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে ক্ষোভ। সংযুক্ত কিষান মোর্চার বিশাল বিক্ষোভ সমাবেশ

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 23, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
নির্বাচন কমিশন ও এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে ক্ষোভ। সংযুক্ত কিষান মোর্চার বিশাল বিক্ষোভ সমাবেশ

 

 

মহম্মদ শাহজাহান আনসারী: বাঁকুড়া: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং অগণতান্ত্রিক ও সংবিধান বিরোধী 'এসআইআর' (SIR) প্রক্রিয়া বাতিলের দাবিতে আজ দেশব্যাপী গণবিক্ষোভের অঙ্গ হিসেবে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া শহর। দিল্লির যন্তর মন্তরের কর্মসূচির সাথে সংহতি রেখে আজ সংযুক্ত কিষান মোর্চা (SKM) বাঁকুড়া চ্যাপ্টারের ডাকে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এদিন পূর্বঘোষিত সূচি অনুযায়ী সকাল ১০টায় শহরের তামলিবাঁধ বাস স্ট্যান্ডে জমায়েত হন আন্দোলনকারীরা। সেখান থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল শুরু হয়ে বাঁকুড়া শহরের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করে মাচানতলা মুক্ত আকাশ মঞ্চে এসে শেষ হয়। মিছিল শেষে মাচানতলায় আয়োজিত বিক্ষোভ সভায় মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন অগ্রগামী কিষান সভার কমরেড চণ্ডীচরণ মন্ডল এবং অল ইন্ডিয়া কিষান মহাসভার কমরেড বাবলু ব্যানার্জি। এছাড়াও কেন্দ্রীয় সরকারের নীতি ও নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে জোরালো বক্তব্য পেশ করেন AIKKMS অল ইন্ডিয়া কমিটির অফিস সম্পাদক কমরেড অসিত মন্ডল।

সংযুক্ত কিষান মোর্চা (SKM) বাঁকুড়া চ্যাপ্টারের পক্ষে দিলীপ কুণ্ডু জানান, মূলত চারটি প্রধান দাবিতে আজকের এই আন্দোলন সংগঠিত হয়েছে—মুখ্য নির্বাচন কমিশনারের অবিলম্বে পদত্যাগ, সংবিধান বিরোধী সমগ্র এসআইআর প্রক্রিয়া বাতিল, বাদ পড়া সমস্ত বৈধ ভোটারের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা এবং এসআইআর বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া সমস্ত নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই অগণতান্ত্রিক চক্রান্তের বিরুদ্ধে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে। 

— বিজ্ঞাপন —
Advertisement