নিউজ ফোর কুলতলি: আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল কুলতলি থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেন ঢালি ওরফে চাট্টু (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি কুলতলি থানার অন্তর্গত কোয়াবাটি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নিজস্ব দখল থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল-সহ মোট তিনটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে ধৃতকে আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এল এবং এর পিছনে অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।