Sunday, November 1, 2026
উত্তরবঙ্গ

পাব ও বারের বাইরে অশান্তি, মারপিট এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে পুলিশকে কড়া হওয়ার বার্তা শংকরের

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পাব ও বারের বাইরে অশান্তি, মারপিট এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে পুলিশকে কড়া হওয়ার বার্তা শংকরের

শিলিগুড়ি: দুর্গাপুজোয় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। দুর্গাপুজোর অ্যাপ ও গাইড ম্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, উৎসবের দিনগুলিতে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। ইভটিজিংয়ের অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ করতে হবে পুলিশকে।

পুজোর দিনগুলিতে শহরের বিভিন্ন মণ্ডপ এবং জনবহুল এলাকায় দর্শনার্থীদের ভিড় বাড়ে। সেই সুযোগে যাতে কেউ মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করতে না পারে, তা নিশ্চিত করতে পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, মহিলাদের নিরাপত্তা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। কোনও অভিযোগ পাওয়ার পরে পদক্ষেপ করতে অযথা দেরি করা চলবে না।

এদিকে, শহরের বিভিন্ন পাব ও বারের বাইরে রাতের দিকে বচসা, মারপিট এবং অশান্তির ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শঙ্কর। পুজোর সময়ে এই ধরনের ঘটনা যাতে শহরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করার বার্তাও দিয়েছেন মন্ত্রী।

একই সঙ্গে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা রুখতেও বিশেষ নজরদারির উপর জোর দিয়েছেন তিনি। পুজোর দিনগুলিতে ‘ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ’-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে পথ দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

মন্ত্রী শঙ্কর ঘোষের বক্তব্য, দুর্গাপুজো যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য পুলিশ প্রশাসনকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। শহরের বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকে আসা দর্শনার্থীরাও যাতে নির্ভয়ে পুজো উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য।

— বিজ্ঞাপন —
Advertisement