Sunday, November 1, 2026
জেলা

কালীপুজোর আগেই বর্ধমানে বড়সড় সাফল্য পুলিশের, উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি, ধৃত যুবক

Published by Newz4 Admin |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- October 29, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
নিষিদ্ধ বাজি উদ্ধার

সায়নী সরকার, পূর্ব বর্ধমান : আসন্ন কালীপুজো ও দীপাবলির মুখে শহরে নিষিদ্ধ বাজির রমরমা। নিষিদ্ধ বাজির বাড়বাড়ন্ত রুখতে অভিযান। আর তাতেই বড়সড় সাফল্য পেল বর্ধমান থানার পুলিশ। মেহেদিবাগান এলাকায় গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় ৪৭ কেজি বেআইনি শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শেখ আরোজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি বর্ধমান শহরেরই গোদা কয়েততলা এলাকায়। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে মেহেদিবাগান এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বেআইনিভাবে মজুত রাখা হয়েছে। খবর পেতেই কালবিলম্ব না করে সেখানে তল্লাশি অভিযানে নামে পুলিশ। তল্লাশি চলাকালীন বাড়িটি থেকে বস্তাবন্দি অবস্থায় প্রায় ৪৭ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। মজুতের স্বপক্ষে কোনও বৈধ নথি দেখাতে না পারায় ঘটনাস্থল থেকেই শেখ আরোজকে পাকড়াও করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, উৎসবের মরশুমে বিক্রির উদ্দেশ্যে দুর্গাপুর থেকে এই বিপুল পরিমাণ শব্দবাজি বর্ধমানে আনা হয়েছিল। কালীপুজো ও দীপাবলি চলাকালীন শহরের বিভিন্ন প্রান্তে চড়া দামে সেগুলি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। তবে তার আগেই পুলিশের সক্রিয়তায় ভেস্তে যায় সেই ছক। এই চক্রে দুর্গাপুরের কারা যুক্ত রয়েছে এবং শহরের আর কোথাও এই ধরনের মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement