শিলিগুড়ি: মোবাইল টাওয়ার থেকে তামার তার চুরির অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া তামার তারও। ধৃতের নাম বিকি নাগ (৩০)। তিনি ইসকন মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ১৬ অক্টোবর ভোরে দেবীডাঙা এলাকায় জিও-র একটি মোবাইল টাওয়ার থেকে তামার তার চুরি হয়। এই ঘটনায় টাওয়ার পরিচালন সংস্থার পক্ষ থেকে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গোপন সূত্রের সাহায্যে অভিযুক্তের পরিচয় জানতে পারে পুলিশ।
এরপর সন্ধ্যায় মল্লাগুড়ি এলাকায় চুরি করা তামার তার বিক্রি করতে যাওয়ার সময় বিকি নাগকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে চুরি যাওয়া তামার তারও উদ্ধার করেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে আগেও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে শিলিগুড়িতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনার সঙ্গেও তাঁর যোগসূত্র থাকার সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার পক্ষ থেকে ইতিমধ্যেই প্রধাননগর থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
প্রধাননগর থানা সূত্রে খবর, পুরনো একটি টিন কাটার চুরির মামলাতেও অভিযুক্ত দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করে ওই পুরনো মামলায় ‘সুন অ্যারেস্ট’ করার আবেদন জানানোর পাশাপাশি পুলিশি হেফাজতের জন্য আবেদন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্যান্য থানাও বিভিন্ন চুরির মামলায় তাঁকে ‘সুন অ্যারেস্ট’ করার প্রক্রিয়া শুরু করতে পারে।
ঘটনার পাশাপাশি ধৃতের সঙ্গে শহরের অন্যান্য চুরির ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ।