অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৬ অক্টোবর: দিনের আলোতেই লোকালয়ে ঢুকে দাপিয়ে বেড়াল একটি বিশাল দাঁতাল হাতি। সোমবার সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের একাধিক এলাকায় হাতিটির উপস্থিতিকে ঘিরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, এদিন সকালে প্রথমে মাদারিহাটের মেঘনাথ সাহা নগর এলাকায় ঢুকে পড়ে হাতিটি। সেখান থেকে প্রধান নগর হয়ে পরে ছেকামাড়ি গ্রামে প্রবেশ করে। একের পর এক জনবসতিপূর্ণ এলাকায় হাতিটির বিচরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জলদাপাড়া বন দফতরের কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে তৎপর হন তাঁরা। বনকর্মীদের প্রচেষ্টায় দাঁতাল হাতিটিকে জাতীয় সড়ক পার করিয়ে শেষ পর্যন্ত জঙ্গলে ফেরানো সম্ভব হয়। দিনের আলোয় লোকালয়ে হাতির হানার ঘটনায় ফের বন্যপ্রাণী ও মানুষের সংঘাত নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি, হাতির গতিবিধির উপর নজর রাখার আবেদন জানিয়েছেন বনকর্মীরা।