পুরুলিয়া : সময়ের স্রোতে বদলেছে গ্রামবাংলার জীবনযাত্রা, বদলেছে উৎসব পালনের ধরনও। কিন্তু কিছু ঐতিহ্য আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে একই নিষ্ঠায় বয়ে চলেছে। কোথাও সেই ঐতিহ্যের ধারক পারিবারিক পরম্পরা, কোথাও আবার লোকবিশ্বাস। পুরুলিয়ার বলরামপুর ব্লকের করমা গ্রামে মা বামা কালীর পুজো যেন তেমনই এক বিরল ঐতিহ্যের জীবন্ত উদাহরণ। এখানে পুজোর পুরোহিত কোনও ব্রাহ্মণ নন, বংশপরম্পরায় চার প্রজন্ম ধরে কর্মকার পরিবারের সদস্যরাই সামলাচ্ছেন দেবীর আরাধনার সমস্ত দায়িত্ব।
মন্দিরের ফলকে খোদাই করা তথ্য বলছে, এই পুজোর সূচনা হয়েছিল ১২০৯ বঙ্গাব্দে। অর্থাৎ দীর্ঘ কয়েক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে আজও এগিয়ে চলেছে করমা গ্রামের বামা কালীপুজো। একসময় পারিবারিক উদ্যোগে শুরু হওয়া এই পুজো বর্তমানে সর্বজনীন উৎসবের চেহারা নিয়েছে। তবে পুজোর পরিসর বাড়লেও বদলায়নি প্রাচীন রীতিনীতি। কর্মকার পরিবারের সদস্যরাই পুজোর আয়োজন থেকে শুরু করে পুরোহিতের দায়িত্ব পালন করেন। পরিবারের সদস্য তথা পুজোর অন্যতম প্রধান পুরোহিত মহাবীর কর্মকার জানান, প্রতিবছরের মতো এবারও সমস্ত প্রথা মেনে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে মায়ের আরাধনার প্রস্তুতি চলছে।
এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক প্রাচীন লোকাচার। এখানে আজও প্রচলিত রয়েছে বলি প্রথা। রীতি মেনে ছাগল, পাঁঠা ও হাঁস বলি দেওয়া হয়। স্থানীয় মানুষের বিশ্বাস, মা বামা কালী অত্যন্ত জাগ্রত। ভক্তিভরে মায়ের কাছে মানত করলে পূর্ণ হয় মনস্কামনা। সেই বিশ্বাস থেকেই দূরদূরান্তের মানুষ মায়ের কাছে পুজো দিতে আসেন। মানত পূরণ হলে ভক্তরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ ও বিভিন্ন সামগ্রী দিয়ে পুজোর আয়োজনে সহযোগিতা করেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এই পুজোকে ঘিরে করমা গ্রামে তৈরি হয় লোকসংস্কৃতির এক অনন্য আবহ। প্রতিবছর পুজো উপলক্ষে বসে দু'দিনের বিশাল মেলা। বিভিন্ন দোকানপাট, কেনাকাটা এবং দর্শনার্থীদের ভিড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মেলার অন্যতম আকর্ষণ নাচনি নাচ ও বাঈ নাচের আসর। পুরুলিয়ার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুর-সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এই উৎসবে শামিল হন।
কালীপুজোর প্রাক্কালে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত করমা গ্রাম। মন্দির সাজানো থেকে শুরু করে পুজোর যাবতীয় আয়োজন, সবেতেই হাত লাগিয়েছেন কর্মকার পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের বাসিন্দারাও। কয়েক শতাব্দীর পুরনো এই পরম্পরাকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবের আবহ।
আধুনিকতার ভিড়ে যখন বহু প্রাচীন লোকাচার হারিয়ে যাচ্ছে, তখন করমা গ্রামের কর্মকার পরিবার চার প্রজন্ম ধরে নিজেদের হাতে বাঁচিয়ে রেখেছে মা বামা কালীর আরাধনার ঐতিহ্য। ইতিহাস, বিশ্বাস, লোকসংস্কৃতি ও পারিবারিক উত্তরাধিকারের এমন মেলবন্ধনই করমা গ্রামের কালীপুজোকে দিয়েছে স্বতন্ত্র পরিচিতি। এখানে পুজো শুধু দেবীর আরাধনা নয়, এ যেন কয়েক শতাব্দীর গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার এক নিরন্তর প্রচেষ্টা।