শিলিগুড়ি: উৎসবের মরশুমে ট্রেনে করে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা বানচাল করল পুলিশ। এনজেপি স্টেশনে যৌথ অভিযানে গ্রেপ্তার হল বিহারের দুই যুবক। ধৃতদের নাম রোহন কুমার (২০) ও গুড্ডু কুমার (১৯)। দু’জনেই বিহারের খাগারিয়া এলাকার বাসিন্দা। তাঁদের সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে যৌথ অভিযান চালায় শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। সেই সময় স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছয় ডাউন বিবেক এক্সপ্রেস। ট্রেনটির সাধারণ কামরায় তল্লাশি চালানোর সময় সন্দেহের ভিত্তিতে ওই দুই যুবককে আটক করেন পুলিশকর্মীরা। এরপর তাঁদের সঙ্গে থাকা স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা আলিপুরদুয়ার থেকে ট্রেনে করে এনজেপি স্টেশনে এসেছিল। সেখান থেকে বিবেক এক্সপ্রেসে চেপে কিষানগঞ্জ যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এরপর আগ্নেয়াস্ত্র নিয়ে ফের ট্রেনে করে বিহারের খাগারিয়ায় পৌঁছনোর কথা ছিল বলে তদন্তকারীদের অনুমান। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এই ঘটনার পিছনে কোনও বড়সড় অস্ত্র পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা জানতে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে জিআরপি। আগ্নেয়াস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, কোথায় তা সরবরাহ করার পরিকল্পনা ছিল এবং এই কারবারে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।