শিলিগুড়ি: পৃথক দু’টি চুরির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী। দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর মাটিগাড়ার চৌরঙ্গী মোড়ের বাসিন্দা অরবিন্দ সরকারের বাড়িতে রঙের কাজ করতে এসেছিল শুভম রায় (২৩)। অভিযোগ, সেই সুযোগে বাড়ি থেকে একটি রুপোর গণেশ মূর্তি, একটি শিবলিঙ্গ এবং বেশ কিছু পুজোর বাসনপত্র নিয়ে চম্পট দেয় সে। পরের দিন মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অরবিন্দবাবু।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার শুভমকে গ্রেফতার করে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর অভিযোগকারীর বাড়ির পিছনের নয়ানজুলি থেকে লুকিয়ে রাখা চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়। ধৃত শুভম মাটিগাড়ার অনিলনগরের বাসিন্দা।
অন্য দিকে, গত ২৩ সেপ্টেম্বর তাঁরাবাড়ি প্রাথমিক স্কুল থেকে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমে গতকাল মাটিগাড়ার গরুহাটি এলাকা থেকে পিউস সাহা (২২) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার। পিউস ক্ষুদিরামপল্লির বাসিন্দা।
দুই পৃথক চুরির ঘটনায় ধৃত শুভম ও পিউসকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।