দেবিকা দত্ত:শিলিগুড়ি: রাতের অন্ধকারে মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালি ও পাথর তোলার অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচটি ট্রাক বাজেয়াপ্ত করল প্রধাননগর থানার পুলিশ। এই ঘটনায় তিন ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে সমরনগর, মিলিটারি ঘাট এবং দক্ষিণ পলাশ এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালি ও পাথর তোলা হচ্ছিল বলে খবর আসে। সেই খবরের ভিত্তিতে বুধবার ভোরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে অভিযান চালান প্রধাননগর থানার পুলিশকর্মীরা। অভিযানের সময় নদী থেকে বালি তুলে নিয়ে যাওয়ার অভিযোগে পাঁচটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি, ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজন চালককে গ্রেফতার করা হয়।
ধৃতদের নাম সঞ্জীব ওরাঁও (৩১), শঙ্কর মাল পাহাড়িয়া (২৯) এবং প্রীতম দাস (৪৮)। তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে বালি তোলার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালি ও পাথর তোলার ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই কারবারের পিছনে কোনও চক্র কাজ করছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন রুখতে পুলিশের এই অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।