নিউজ ফোর ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চার বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ইউক্রেনকে সামরিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন। তবে এই সিদ্ধান্তেও পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র সরবরাহের চুক্তির আনুমানিক মূল্য ২১০ কোটি ডলার। কানাডা, জার্মানি এবং নরওয়ে যৌথভাবে এই অস্ত্র কেনার ক্ষেত্রে ইউক্রেনকে সাহায্য করবে। ক্ষেপণাস্ত্র তৈরির দায়িত্বে রয়েছে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা লকহিড মার্টিন।
জেলেনস্কির প্রধান চিন্তা হল, এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছতে এক থেকে দু’বছর সময় লেগে যেতে পারে। অথচ রাশিয়ার হামলা মোকাবিলায় এখনই এই অস্ত্রের প্রয়োজন। বিশেষ করে শীতের আগে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি ব্যবস্থার উপর রাশিয়ার হামলা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাই আমেরিকা ও ইউরোপের কাছে থাকা ক্ষেপণাস্ত্রের মজুত থেকে দ্রুত কিছু অস্ত্র দেওয়ার আবেদন জানিয়েছেন জেলেনস্কি। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গেও কথা বলেছেন তিনি।