নিউজ ফোর ডেস্ক: নেপালের ভয়াবহ তুষারপাতের কারণে ডোলপা জেলায় ফোকসুন্ডো ন্যাশনাল পার্কের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে পড়েছেন ছয়জন ভারতীয় পর্যটক। তাঁদের মধ্যে চারজন পুরুষ ও দু’জন মহিলা রয়েছেন। আবার বেশ কয়েকজন বাঙালি বলে জানা গিয়েছে। আটকে যাওয়া পর্যটকদের নাম মৌমিতা হালদার,পিয়ালী কোলে, জজলা ত্রিবেদী কুমার, আদিত্য সিংহ, দীপলীনা বিশ্বাস ও রাজেশ দে।পর্যটকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর রবিবার থেকে উদ্ধারকাজ শুরু করেছে নেপাল প্রশাসন।
জানা গিয়েছে, পর্যটকরা শনিবার ফোকসুন্ডো হ্রদের দিকে ট্রেকিং করতে বেরিয়েছিলেন। সেই সময় প্রবল তুষারপাত শুরু হয়। ফেরার পথে নুমালা ও বাগালা পাস এলাকার কাছে তাঁরা আটকে পড়েন। এরপর তাঁদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ডোলপার মুখ্য জেলা আধিকারিক জুনু ধাকাল জানিয়েছেন, গত কয়েক দিন ধরে ভারী তুষারপাতের ফলে ওই এলাকার বিস্তীর্ণ অংশ বরফে ঢেকে গিয়েছে। খারাপ আবহাওয়ার কারণে পর্যটকদের চলাচল অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এরপর পর্যটকদের অবস্থান চিহ্নিত করার হয় এবং তাঁদের উদ্ধারের জন্য নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে সূত্রের খবর।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ডোলপা এলাকায় মোট ২৪৪ জন পর্যটক রয়েছেন। তাঁদের মধ্যে ১৪৯ জন নেপালি। আর ও জানা যাচ্ছে প্রায় ৩৬০০ মিটার উচ্চতায় অবস্থিত ফোকসুন্ডো নেপালের গভীরতম হ্রদ। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।