Monday, November 2, 2026
জেলা

স্বামী-স্ত্রী মিলে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে কী পরিণতি ঘটল...

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 03, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
স্বামী-স্ত্রী মিলে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে কী পরিণতি ঘটল...

দেবিকা দত্ত:শিলিগুড়ি: পুজোর মুখে মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। জনবহুল শিলিগুড়ি জংশন এলাকাকে কাজে লাগিয়ে ব্রাউন সুগার পাচারের অভিযোগে বালুরঘাটের এক দম্পতি-সহ তিন জনকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশের যৌথ দল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭৯০ গ্রামের বেশি ব্রাউন সুগার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হলেন সাধন রায়, তাঁর স্ত্রী অঞ্জলি কর্মকার এবং কনক কান্তি রায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তিন জনই বালুরঘাট থেকে শিলিগুড়িতে এসেছিলেন। তাঁদের কাছ থেকে তিনটি প্যাকেটে মাদক উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রের খবর, পুজোর আগে শহরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। সেই সূত্রেই গোপন খবর আসে, বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে কয়েক জন জংশন এলাকায় আসতে পারেন। খবর পাওয়ার পর ওই এলাকায় নজরদারি শুরু করেন এসওজি এবং প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশকর্মীরা।

পুলিশের দাবি, সন্ধ্যায় বালুরঘাট থেকে তিন জন জংশনে পৌঁছন। সেখানে মাদকের হাতবদলের প্রস্তুতি চলছিল বলে অভিযোগ। এর পরেই যৌথ অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে তিনটি প্যাকেট উদ্ধার হয়। তিন প্যাকেটে থাকা ব্রাউন সুগারের মোট ওজন ৭৯০ গ্রামের বেশি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।

এনডিপিএস আইনে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে ওই মাদক আনা হয়েছিল, কার কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এই চক্রে আরও কারা জড়িত, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শনিবার তাঁদের শিলিগুড়ি আদালতে হাজির করানো হবে। তদন্তের প্রয়োজনে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

— বিজ্ঞাপন —
Advertisement