Monday, November 2, 2026
জেলা

রুপোর গয়না, কাঁসা-পিতলের সামগ্রীসহ, গ্রেফতার মহিলা

Published by Newz4 Admin |
Devika Datta Posted by Devika Datta
- October 01, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
রুপোর গয়না, কাঁসা-পিতলের সামগ্রীসহ, গ্রেফতার মহিলা

শিলিগুড়ি:বাড়ি থেকে চুরি যাওয়া বিপুল পরিমাণ রুপোর অলংকার, কাঁসা ও পিতলের সামগ্রী উদ্ধারের ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া কাঁসা ও পিতলের সামগ্রীর ওজন প্রায় সাড়ে ১০ কেজি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ অগস্ট শরদাপল্লী শিবমন্দির এলাকার বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত ডিএসপি হেমন্ত দাস মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা বিপুল পরিমাণ রুপোর অলংকার, কাঁসা ও পিতলের সামগ্রী এবং নগদ দু’হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং। ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক সন্দেহভাজনের হদিস পান তদন্তকারীরা। এরপর রায়গঞ্জ থানার শক্তিনগর এলাকার বাসিন্দা ২৪ বছরের ধীরাজ শা ওরফে বাপ্পা শাকে গ্রেফতার করা হয়। তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের দাবি, ধীরাজকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে অভিযান চালানো হয়। সেই সূত্রেই মাটিগাড়া থানার বাইপাস রোড, এএইচ-২ এলাকার বাসিন্দা গুলসান খাতুনের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ কাঁসা ও পিতলের সামগ্রী এবং কিছু রুপোর অলংকার।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কাঁসা ও পিতলের সামগ্রীর মোট ওজন প্রায় ১০ কেজি ৫০০ গ্রাম। নিয়ম মেনে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় গুলসানকেও গ্রেফতার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে অভিযোগকারীর বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত জিনিস রয়েছে কি না, চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং।

— বিজ্ঞাপন —
Advertisement