পিউ নন্দী: পুরুলিয়া: পুজোর ছুটিতে শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের ঢালে মেঘের আনাগোনা, জঙ্গলের নির্জনতা কিংবা লাল মাটির পথে হারিয়ে যাওয়ার ইচ্ছে থাকলে গন্তব্য হতে পারে পুরুলিয়া। তবে কোথায় যাবেন, কীভাবে যাবেন, কোথায় স্থানীয় খাবারের স্বাদ মিলবে কিংবা কোন অফবিট জায়গাটি আপনার ভ্রমণের তালিকায় রাখা যায়—এবার সেই খোঁজ মিলবে এক স্ক্যানেই।
পুরুলিয়ার পর্যটনকে আরও সহজ করে তুলতে এবার ডিজিটাল প্ল্যাটফর্মে হাজির ‘কীপ জার্নি’। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করলেই পুরুলিয়ার বিভিন্ন পর্যটনকেন্দ্র সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। অযোধ্যা পাহাড়ের মতো পরিচিত গন্তব্যের পাশাপাশি পর্যটকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে জেলার অপেক্ষাকৃত কম পরিচিত জায়গাগুলিকেও।
শুধু জায়গার তালিকা নয়, পুরুলিয়ার পর্যটনের সঙ্গে জড়িয়ে থাকা স্থানীয় মানুষকেও এই উদ্যোগের কেন্দ্রে রাখা হয়েছে। আঞ্চলিক গাইড, স্থানীয় খাবার, হস্তশিল্প এবং গ্রামবাংলার নানা সামগ্রী সম্পর্কে তথ্য একই প্ল্যাটফর্মে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। ফলে একজন পর্যটকের ভ্রমণ যেমন আরও সহজ হবে, তেমনই স্থানীয় শিল্পী, কারিগর ও ছোট ব্যবসায়ীদের কাছেও পৌঁছতে পারেন নতুন ক্রেতা।
পুরুলিয়া সিধু-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘কীপ জার্নি—এ ডিজিটাল রুরাল ট্যুরিজম লাইভলিহুড ইকোসিস্টেম’- অ্যাপটির আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয়। বিশ্ববিদ্যায়ের প্রাক্তন ছাত্র অমিত রঞ্জন কুয়রি ও তার টিম মিলে অ্যাপটি তৈরি করেছে।
উদ্যোক্তাদের মতে, প্রযুক্তির সঙ্গে পর্যটনকে যুক্ত করে পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীণ জীবনযাত্রাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পুজোর ভ্রমণে তাই এবার শুধু পরিচিত পুরুলিয়া নয়, স্মার্টফোনের পর্দা ধরে খুঁজে নেওয়া যেতে পারে অচেনা, নিরিবিলি এক পুরুলিয়াকেও।