Wednesday, November 11, 2026
জেলা

কালীপুজোর আগে পুরুলিয়ায় পুলিশের বড়সড় অভিযান, ৪.৬ লিটার নিষিদ্ধ ফেনসিডিল-সহ গ্রেফতার স্কুটি আরোহী

Published by স্মৃতি মণ্ডল |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- November 05, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পুরুলিয়ায় ৪.৬ লিটার নিষিদ্ধ ফেনসিডিল-সহ গ্রেফতার স্কুটি আরোহী

পুরুলিয়া: কালীপুজোর আগে বেআইনি মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান। নাকা চেকিং চলাকালীন স্কুটি থেকে উদ্ধার হল ৪.৬ লিটার অবৈধ ফেনসিডিল কাশির সিরাপ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। ধৃতের নাম শেখ জাকির ওরফে কোটা। তিনি হুটমুড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী কালীপুজোকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি ও নাকা চেকিং চালানো হচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবে ৪ নভেম্বর সন্ধ্যায় পুরুলিয়া-বাঁকুড়া রাজ্য সড়কের ভাঙাড়া বটতলায় অভিযান চালায় মফস্বল থানার পুলিশ। সেই সময় এক স্কুটি আরোহীকে আটক করে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৪.৬ লিটার অবৈধ ফেনসিডিল।

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ধৃত শেখ জাকিরের বিরুদ্ধে অতীতেও মাদক, অস্ত্র এবং ডাকাতি সংক্রান্ত একাধিক মামলায় জড়িত থাকার তথ্য মিলেছে। এই বেআইনি কারবারের পিছনে আরও কারা রয়েছে, কোথা থেকে মাদক আসছিল এবং এর সরবরাহ চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই ঘটনায় মঙ্গলবার  NDPS Act, 1985-এর ২১(C), ২৫ এবং ২৯ ধারায় পুরুলিয়া (মফস্বল) থানায় ৩৫০/২৬ নম্বর মামলা রুজু হয়েছে। ধৃতকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য আদালতে পেশ করা হবে।

কালীপুজোর আগে মাদক পাচার ও বেআইনি কারবার রুখতে পুলিশের এই অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জেলার আইনশৃঙ্খলা বজায় রাখা এবং মাদক কারবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জারি রাখার বার্তা দিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement